পূর্বাঞ্চলে ক্ষমতা হস্তান্তর প্রস্তাব ইউক্রেইনের
রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভে গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে আরো ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন ইউক্রেইনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক।
ডোনেস্ক এর আঞ্চলিক নেতাদের সঙ্গে এরই মধ্যে আলোচনায় বসেছেন তিনি। সেখানে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা সরকারি ভবন দখলে রেখে স্বায়ত্ত্বশাসনের দাবি জানাচ্ছে।তবে ইয়াতসেনিয়ুকের প্রস্তাবে বিচ্ছিন্নতাবাদীরা সন্তুষ্ট হবে কিনা তা বোঝা যাচ্ছে না।কিয়েভ সরকার পূর্ব ইউক্রেইনে নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে- স্থানীয়দের সেকথা জানিয়ে দেয়ার জন্য ডোনেস্কের আঞ্চলিক নেতাদেরকে আহ্বান জানিয়েছেন ইয়াতসেনিয়ুক। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে।ইয়াতসেনিয়ুক প্রতিশ্রুতি দিয়ে বলেন, “পরিবর্তিত সংবিধানের কর্মকাঠামোর আওতায় আমরা প্রতিটি অঞ্চলের নির্দিষ্ট অনুরোধ রক্ষা করতে পারব”।পূর্বাঞ্চলে সরকারি কার্যক্রমে ইউক্রেইনের ভাষার পাশাপাশি রুশ ভাষা চালুরও প্রতিশ্রুতি দেন তিনি।রুশপন্থিদের বিক্ষোভ জর্জরিত আরেকটি পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোপেট্রোভোস্কেও ইয়াতসেনিয়ুক যাবেন বলে মনে করা হচ্ছে।ওদিকে, লুহানস্ক শহরের রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনগুলোতে এখনো অবস্থান নিয়ে আছে রুশপন্থিরা। তাদের মধ্যে কারো কারো হাতে আছে অস্ত্রও।বিক্ষোভকারীরা বিচার থেকে অব্যাহতির প্রস্তাব মেনে সরকারি ভবন ছেড়ে যাবে কিনা তা নিয়ে তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা চালাচ্ছেন ইউক্রেইনের কর্মকর্তারা।
