ইউরোপে গ্যাস সঙ্কটের হুঁশিয়ারি পুতিনের
গ্যাসের বকেয়া বিল পরিশোধে ইউক্রেইনের গড়িমসি ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহে ‘সঙ্কটজনক পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে বলে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
একারণে বিষয়টি নিয়ে পুতিন ইউরোপের সঙ্গে জরুরি আলোচনা চান বলে বৃহস্পতিবার জানিয়েছেন তার মুখপাত্র।
ইউক্রেইন হয়ে রাশিয়ার গ্যাস ইউরোপের কয়েকটি দেশে যায়; যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর প্রাকৃতিক গ্যাসের এক তৃতীয়াংশ চাহিদা পূরণ হয়ে থাকে।
ইউক্রেইনের রাজনৈতিক সঙ্কট নিয়ে চলমান উত্তেজনা ইউরোপীয় দেশগুলোতে গ্যাস সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেইনের পশ্চিমাপন্থি (ইইউপন্থি) বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর দেশটির ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দারা গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
আর এখন পূর্ব ইউক্রেইনে ভারী শিল্প সম্বৃদ্ধ লুহানস্ক ও ডোনেস্ক অঞ্চলেও ক্রিমিয়া ধাঁচের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী কোম্পানি গ্যাজপ্রম বুধবার জানায়, গ্যাস সরবরাহ বাবদ ইউক্রেইনের কাছে তাদের দুই বিলিয়নেরও বেশি বকেয়া রয়েছে।
সম্প্রতি পুতিন ইউরোপীয় নেতাদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, বকেয়া পরিশোধ নিয়ে বিরোধ জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে। ফলে দেখা দিতে পারে গ্যাস সঙ্কট।
এর আগেও ইউক্রেইন হয়ে গ্যাস সরবরাহ নিয়ে রাশিয়ার বিরোধের কারণে ইউরোপের কয়েকটি দেশে গ্যাস সঙ্কট সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এসব দেশে এ ধরনের সমস্যা মোকাবেলায় গ্যাস রিজার্ভ টেকনোলজি ও অন্যান্য বিকল্প ব্যবস্থা রয়েছে বলে শোনা যায়।
