পূর্বের বিক্ষোভকারীদেরকে ইউক্রেইনের আল্টিমেটাম
ইউক্রেইনের পূর্বঞ্চলে সরকারি ভবন দখল করে রাখা রাশিয়াপন্থি বিক্ষোভকারীরা সঙ্কটের রাজনৈতিক সমাধানের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় না বসলে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের আল্টিমেটাম দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
বুধবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন অ্যাভাকভ বলেন, যে কোনো উপায়ে ‘৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে’।রাশিয়াপন্থি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা সংলাপের পক্ষে আমরা তাদের সঙ্গে রাজনৈতিক সমঝতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় বসতে চাই। কিন্তু যেসব সংখ্যালঘুরা সংঘাত চায় তারা অচিরেই ইউক্রেইন কর্তৃপক্ষের কাছ থেকে কড়া জবাব পাবে।”রুশপন্থিরা সোমবার খারকিভ, ডোনেস্ক এবং লুহানস্ক দখল করে। এরপরই তারা ডোনেস্ককে গণপ্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে এবং এলাকাটি ইউক্রেইনের শাসনমুক্ত করতে ১১ মে গণভোট করারও সিদ্ধান্ত জানায়।কিয়েভ প্রশাসন পরে খারকিভ শহরের সরকারি ভবন থেকে রাশিয়াপন্থি বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়েছে বলে দাবি করে। বাকী দুটি এলাকাও শিগগিরই বিক্ষোভকারীদের দখলমুক্ত করা হবে বলেও জানায় ইউক্রেইন।অ্যাভাকভ বলেন, লুহানস্ক, ডোনেস্ক ও খারকিভ অঞ্চলে ‘ সন্ত্রাস বিরোধী অভিযান’চলছে যাতে সময় নেয়া হবে মাত্র দুইদিন। সাংবাদিকদের তিনি বলেন,“আমাদের হাতে দুটি পথ খোলা আছে। রাজনৈতিক সমঝোতা অথবা শক্তি প্রয়োগ।”রোববার লুহানস্ক থেকে আটক ৫৬ কিয়েভ বিরোধী নেতাকর্মীকে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মুক্তি দেয়া হয়।ওদিকে, গত রাতেও পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে কিয়েভের শাসন থেকে বেরিয়ে আসা নিয়ে গণভোট আয়োজনের পক্ষেও বক্তব্য রাখেন রুশপন্থি নেতারা।ইউক্রেইন কর্তৃপক্ষ জানায়, খারকিভ অঞ্চলের সরকারি ভবন রুশপন্থিদের দখলমুক্ত করাসহ ডোনেস্ক শহরের বিক্ষোভও সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে।তবে বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করা হলে তা গৃহযুদ্ধ সৃষ্টির কারণ হবে বলে এরই মধ্যে হুঁশিয়ার করেছে রাশিয়া।অন্যদিকে, সমস্যার সমাধান নিয়ে আগামী সপ্তাহে ইউক্রেইনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সঙ্কট শুরুর পর এটিই হবে ইউক্রেইন নিয়ে চতুর্পক্ষীয় আলোচনা।জার্মান চ্যাঞ্জেলর আঙ্গেলা মের্কেল পূর্ব ইউক্রেইনে রাশিয়ার ভূমিকার সমালোচনা করেছেন। তিনি বলেন, উত্তেজনা প্রশমনে রাশিয়ার পদক্ষেপ অনেকাংশেই অস্পষ্ট।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও অভিযোগ করে বলেছেন, (পূর্ব ইউক্রেইনে) গত ২৪ ঘণ্টার অস্থিতিশীলতায় রাশিয়ার বিশেষ বাহিনী ও চররা বিশেষ ভূমিকা রাখছে।তাদের এই পদক্ষেপ ক্রিমিয়ার মতো এ অঞ্চলেও সামরিক হস্তক্ষেপের পরিবেশ সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেন তিনি।তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেইনে সামরিক অভিযান চালানোর কোনো আগ্রহ তার নেই। তবে তিনি ওই এলাকায় রাশিয়ার স্বার্থ সুরক্ষা অবশ্যই করবেন। পাশাপাশি ইউক্রেইন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার ইচ্ছাও রাশিয়ার রয়েছে বলে জানান পুতিন।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন এবং ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্ড্রি ডেসচেনস্কির সঙ্গে বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে।
ইউক্রেইনে উত্তেজনা বাড়ছে
