সিরিয়ার হমসে বিস্ফোরণে ২৯ বিদ্রোহী নিহত
সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হমসে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়ে দুইজন কমান্ডারসহ ২৯ সিরীয় বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া দেশটির রাজধানী দামেস্কে মর্টার হামলায় আরো ২ জন নিহত হয়েছেন।
রোববার হমসের হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরীয় সরকারবিরোধী মানবাধিকার গোষ্ঠী অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।একই দিন দামেস্কের পূর্বাংশের শহরতলীতে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই হয়। লড়াই চলাকালে বিদ্রোহীদের অবস্থান লক্ষ করে বোমাবর্ষণ করে সরকারপক্ষের যুদ্ধবিমানগুলো।দামেস্কের কেন্দ্রীয় অংশে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষের বাহিনীর দৃঢ় অবস্থান থাকলেও মাঝে মাঝে সেখানেও মর্টার ও রকেট হামলা চালায় বিদ্রোহীরা। এমনই একটি হামলায় মর্টার শেল দামেস্ক অপেরা হাউসে গিয়ে আঘাত হানলে দুজন নিহত হন।রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ বলেছে, “অপেরা হাউসে সন্ত্রাসীদের নিক্ষিপ্ত মর্টার গোলার আঘাতে দুজন শহীদ ও আটজন আহত হয়েছেন।”তবে কখন হামলা চালানো হয়েছে ও অপেরা হাউসটি ব্যবহার করা হয় কিনা তা জানানো হয়নি।হমসের হামলাটি হয়েছে শহরের আল জাজ বাজারের কাছে পুলিশঘাঁটির কাছে বলে জানিয়েছে অবজারভেটরি। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে গোষ্ঠীটি।হামলাটি কারা চালিয়েছে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।এছাড়া দামেস্কের উপকণ্ঠে সরকারি বাহিনীর গোলাবর্ষণে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি।বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলার মাঝেই বিদ্রোহীরা পরস্পরের সঙ্গেও লড়াইয়ে ব্যস্ত রয়েছে। পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে এমনই এক লড়াইয়ে আল কায়েদার সমর্থিত জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্টের দুই যোদ্ধাকে হত্যা করেছে আল কায়েদা থেকে বিচ্ছিন্ন হওয়া জঙ্গিগোষ্ঠী দি ইসলামিক স্টেট অব ইরাক এবং দ্য লেভান্ত।
