প্রায় শান্তিপূর্ণ নির্বাচন, স্বস্তিতে আফগানিস্তান
নির্বাচন বানচাল করার তালেবান হুমকি সত্বেও আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন প্রায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। যে পরিমাণ হামলার আশঙ্কা করা হয়েছিল তার তুলনায় কম ঘটনা ঘটায় স্বস্তি প্রকাশ করেছে দেশটির সর্বস্তরের মানুষ।
শনিবারের এ নির্বাচন দেশটির ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের সুযোগ তৈরি করেছে।নির্বাচন শেষ হলেও ভৌগলিক দুর্গমতার জন্য দেশের সব জায়গা থেকে ফলাফল আসতে সময় লাগবে বলে ছয় সপ্তাহ পরে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে কে হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরাধিকারী।চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে মোতায়েন সব বিদেশী সেনা চলে যাবে বলে আসছে সময়টি আফগানিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।বিদেশী সেনা চলে যাওয়ার দিন যতেই ঘনিয়ে আসছে বিদ্রোহীদের হামলা ততই বেড়ে যাচ্ছে।এ অবস্থায় বিদেশী সেনা ছাড়া পুরোপুরি নিজেদের নিরাপত্তা বাহিনী দিয়েই সংঘাত কবলিত দেশটির নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে হবে নতুন প্রেসিডেন্টকে।ভোট গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট কারজাই বলেন, “আজ বিশ্বের সামনে আমরা প্রমাণ করলাম, এই দেশের চালক এর জনগণ।”“জনগণের পক্ষ থেকে, আমি নিরাপত্তা বাহিনীগুলোকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন ও গণতন্ত্র বাস্তবায়িত করার কাজে নিয়োজিত লোকজনকে, যারা আফগানিস্তানের অবিস্মরণীয় ইতিহাসের আরেকটি পর্ব পার করলেন।”নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজনকে অবশ্যই ৫০ শতাংশ ভোট পেতে হবে। এটি না হলে সর্বাধিক ও দ্বিতীয় সর্বাধিক ভোট পাওয়া দুজন প্রার্থীকে আবার প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে।প্রয়োজন হলে ২৮ মে দ্বিতীয় পর্বের নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের আগে বোমা হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ভীতি তৈরি করলেও নির্বাচনের দিন খুব উল্লেখযোগ্য কোনো তৎপরতা চালাতে পারেনি তালেবনা বিদ্রোহীরা। যে পরিমাণ আশঙ্কা ছিল, তুলনায় হামলা হয়েছে খুব কম।এ জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তায় নিয়োজিত চার লাখ আফগান সেনা ও পুলিশের তৎপরতা সফল হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।দেশটির প্রধান নির্বাচন কমিশনার আহমেদ ইউসুফ নুরিস্তানি জানিয়েছেন, ১ কোটি ২০ লাখ ভোটারের মধ্যে ৭০ লাখ নির্বাচনে ভোট দিয়েছে, অর্থাৎ মোট ৫৮ শতাংশ ভোট পড়েছে।এই সংখ্যা গত ২০০৯ এ অনুষ্ঠিত নির্বাচনে পড়া ভোটকে অনেক পেছনে ফেলে দিয়েছে। ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। এবারের নির্বাচন নিয়ে এ ধরনের অভিযোগ এখনো শোনা যায়নি।শনিবার বৃষ্টির মধ্যেই কাবুলের এক কেন্দ্রে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা হাজি রমজান বলেছেন, “আমি ভোট দিতে এসেছি, আমি কোনো হামলাকে ভয় পাই না। এটি আমার অধিকার, কেউ আমাকে থামাতে পারবে না।”হাজি রমজানের এ মনোভাব আফগান জনগণের মধ্যে ক্রমেই শক্তিশালী হচ্ছে, অন্তত ভোট দাতাদের বর্ধমান সংখ্যা এমন ইঙ্গিতই দিচ্ছে।
ভয় ভেঙে ভোট দিল আফগানরা
