ইরাকে হামলায় ২০ সেনা নিহত
ইরাকজুড়ে শনিবার কয়েকটি হামলায় কর্নেলসহ অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ রাজধানী বাগদাদের উত্তরপশ্চিমের একটি ছোট শহরে বোমা হামলার শিকার হয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদের ৩০ কিমি উত্তরপশ্চিমের গারমা শহরে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। জঙ্গিদের ছেড়ে যাওয়া একটি বাড়িতে প্রবেশের সময় আগে থেকে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ১৩ জন সেনা নিহত হন।ইরাকি সেনাদের ব্যবহার করা ওই বাড়িটি গত সপ্তাহে দখল করে নিয়েছিল বিদ্রোহী জঙ্গিরা। পরে জঙ্গিরা পিছু হটে বাড়িটি ছেড়ে গেলে শনিবার সকালে সেনারা সেখানে যায়। তারা বাড়িটিতে প্রবেশ করা মাত্রই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।কারা বোমাটি পেতে রেখেছিল তা জানা যায়নি বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।চলতি বছরের শুরু থেকেই সুন্নি ইসলামি বিদ্রোহীরা ইরাকের বিভিন্ন এলাকা দখল করে নিতে থাকে। তারা বাগদাদের ৭০ কিমি দূরের গুরুত্বপূর্ণ শহর ফাল্লুজাসহ বেশ কয়েকটি ছোটবড় শহর দখল করে নিয়েছে।গারমাতেই আরেকটি ঘটনায় বিদ্রোহী জঙ্গিদের ছোঁড়া মর্টার বোমার আঘাতে সরকার সমর্থক এক সুন্নি বেসামরিক বাহিনীর দুই যোদ্ধা নিহত হয়েছেন।বিচ্ছিন্ন আরেকটি ঘটনায় বাগদাদের উত্তরের মিশাহদায় রাস্তার পাশে পেতে রাখা বোমা টহল সেনাদের গাড়িতে আঘাত করলে তিন সেনা নিহত ও ছয় সেনা আহত হন।এছাড়া বাগদাদের দক্ষিণের মাহমৌদিয়া এলাকায় সেনা টহল দলের ওপর এক হামলায় এক কর্নেল ও তিন সেনা নিহত হন।জাতিসংঘ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মার্চে ইরাকে নিহত ৫শ’ ৯২ জনের মধ্যে ১শ’ ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
