পারভেজ মুশাররফের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে মুশাররফের গাড়িবহর পার হওয়ার কয়েক মিনিট আগে বোমাটি বিস্ফোরিত হওয়ায় তিনি বেঁচে যান।
বুধবার গভীর রাতে রাওয়ালপিণ্ডির সামরিক হাসপাতাল থেকে ফেরার সময় একটি সেতুতে বোমাটি বিস্ফোরিত হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।এ ঘটনায় কেউ হতাহত না হলেও সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করেই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রাওয়ালপিণ্ডির সামরিক হাসপাতাল থেকে ইসলামাবাদের কাছে নিজের খামার বাড়িতে ফেরার পথে ফৈজাবাদ সেতুর ওপর বিস্ফোরণটি ঘটানো হয়।সেতুটি পার হওয়ার আগে না পরে বোমটি বিস্ফোরিত হয়েছে এটি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সেতু পার হওয়ার আগেই বোমাটি বিস্ফোরিত হয়েছে।জানুয়ারিতে দেশদ্রোহীতার অভিযোগের শুনানি চলাকালীন আদালতে যাওয়ার পথে বুকের ব্যাথা নিয়ে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে হাসপাতালে যাওয়া-আসার মধ্যে আছেন তিনি।জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা লিয়াকত নিয়াজি বলেন, “সেতুটির নীচে একটি পাইপের মধ্যে চার কেজি বিস্ফোরক বস্তু পেতে রাখা হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট সেতুটি পার হওয়ার প্রায় ২০ মিনিট আগে সেটি বিস্ফোরিত হয়।”বিস্ফোরণের পর অন্যপথে মুশাররফকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তিনি।মুশাররফের নিরাপদে বাড়ি পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র আশিক ইসহাক।শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।ক্ষমতায় থাকাকালে সংবিধান লঙ্ঘণের দায়ে চলতি সপ্তাহের প্রথমদিকে সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার পাঁচটি অভিযোগ গঠন করা হয়।সব অভিযোগ অস্বীকার করে ৭০ বছর বয়সী মুশাররফ এগুলোকে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবী করেছেন।
