২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের খোঁজ চলবে: অস্ট্রেলিয়া

মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের হদিস পেতে আন্তর্জাতিক অভিযান ব্যর্থ হওয়ার পরও অনুসন্ধানকাজ অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 08:10 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

পার্থের পিয়ার্স বিমানঘাঁটিতে ফ্লাইট ক্রুদের সঙ্গে বৈঠকের পর অ্যাবোট সাংবাদিকদের বলেন, “আমি অনুসন্ধানকাজের কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না”।তিনি আরো বলেন, “এমএইচ৩৭০ ফ্লাইট অনুসন্ধানকাজ এখনো জোরদার করা হচ্ছে। অভিযানের আওতা বাড়ানো হচ্ছে”।বিমানের যাত্রীদের শোকাহত স্বজনদের কথা ভেবে অনুসন্ধানকারীরা খোঁজ চালিয়ে যাচ্ছে বলে জানান অ্যাবোট।মালয়েশিয়ার বিমান অনুসন্ধান এবং তদন্তকাজের তীব্র সমালোচনা করেছে যাত্রীদের স্বজনরা। স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হওয়ার যে সিদ্ধান্ত মালয়েশিয়া গত সপ্তাহে জানিয়েছে তারও অনেক সমালোচনা হয়েছে।বিমানটির ১৫৩ যাত্রীই ছিল চীনের। মালয়েশিয়া কর্তৃপক্ষ বিমানটি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে অভিযোগ করেছে তাদের স্বজনরা। তাদের ক্ষোভ বাড়ছে।তিন সপ্তাহ আগে ২৩৯ জন আরোহীসহ ফ্লাইট এমএইচ৩৭০ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।গত শুক্রবার তল্লাশি অভিযান সমন্বয় করা অস্ট্রেলীয় কর্তৃপক্ষ তল্লাশির জন্য ভারত মহাসাগরের নতুন এলাকা চিহ্নিত করে। শনিবার আন্তর্জাতিক অনুসন্ধানী দলের প্রথম সদস্য হিসেবে চীনা জাহাজ দুটি ওই এলাকায় প্রবেশ করে।