নতুন ধরনের পরমাণু পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া ফের নতুন ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উল্লেখ করে রোববার এ খবর দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন ধরনের’ পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনা উত্তর কোরিয়া নাকচ করছে না। পিয়ংইয়ং-এর পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য এ পরীক্ষা চালানো হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় উত্তর কোরিয়া আরো বহুমুখী পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। আঘাত হানার নানামুখী শক্তি দিয়ে মধ্যম এবং দূরের লক্ষ্যবস্তুতে তা ব্যবহার করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।
এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র যতদিন পরমাণু হুমকি সৃষ্টি করে যাবে ততদিন একের পর এক শক্তি দেখিয়ে যাবে পিয়ংইয়ং।
চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘পরমাণু সক্ষমতা’ প্রদর্শনের হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। এর আগে দেশটি ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে।
