সৌদি আরবে ওবামা
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান চার্চ পরিদর্শনের পর শুক্রবার সৌদি আরবে পৌঁছান তিনি।
ঐতিহাসিক এই সফরে উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থা, সিরিয়া, ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং মিশরের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হবে বলে ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৯০ বছর বয়সী সৌদি বাদশা আব্দুল্লা রাজপরিবারের কর্মকর্তাদের নিয়ে রাজধানী রিয়াদের পাশে ডেজার্ট ফার্মে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শুরুর দিকে বয়োবৃদ্ধ সৌদি বাদশা অক্সিজেন টিউব দিয়ে শ্বাস নিচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস ওবামার সফর সঙ্গী হিসেবে ছিলেন। তবে তারা বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেন নি।
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে প্রেসিডেন্টে আসাদ বিরোধীদের পক্ষে যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান নেয়ার বিষয়ে দাবি জানিয়ে আসছিলো সৌদী আরব। বিশেষ করে যুক্তরাষ্ট্র যাতে এসব বিদ্রোহীদের ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য মিসাইল সরবরাহ করে, সে ব্যাপারে সৌদি আরবের অবস্থান দৃঢ়।
সিরিয়ার শিয়া মতাবলম্বী প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে রয়েছে ইরান। আর ইরানের প্রতিপক্ষ সৌদি আরব রয়েছে সুন্নি মতে বিশ্বাসী বিদ্রোহীদের পক্ষে।
রাজতান্ত্রিক শাসনের মধ্যে থাকা সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের ঘোর বিরোধী।
ইরান ভীতি
এদিকে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আমেরিকার অবস্থান সম্পর্কে আরো নিশ্চয়তা চায় সৌদি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের চাপে ও দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে ইরান তাদের পরমাণু কর্মসূচি কমিয়ে এনেছে। বিনিময়ে দেশটির ওপর অনেকদিন ধরে চলতে থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞাও অনেকাংশে উঠিয়ে নেয়া হয়েছে।
রিয়াদ কর্তৃপক্ষের আশঙ্কা শিয়া মতাবলম্বী ইরানের ওপর থেকে এভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে দেশটি আরব বিশ্বে তাদের প্রভাব বাড়াতে সক্ষম হবে যা শীর্ষ আবরদেশগুলোর অস্বস্তির কারণ হতে পারে।
ওবামার সফরের দিন প্রকাশিত সৌদি আরবের আধা সরকারি পত্রিকা আল-রিয়াদের এক সম্পাদকীয়তে দাবি করা হয়, ইরান ভবিষ্যতে শান্তিপূর্ণ পথে থাকবে’ এমন কথা বলে ওবামা সৌদি আরব কর্তৃপক্ষকে আস্বস্ত করতে পারবে না।
“আমাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে। এটা নিয়ে কেউ আমাদের সঙ্গে বদানুবাদ করতে পারবে না।”
