ভারতের জম্মু ও কাশ্মিরে গোলাগুলিতে নিহত ১
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের কাঠুয়া জেলায় সামরিক বাহিনীর পোশাক পরিহিত ৩ জঙ্গির গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাসহ আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার সকালে রাজ্যটির পাকিস্তান সীমান্তের নিকটবর্তী একটি ভারতীয় সেনা ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত কাঠুয়ার জাঙ্গলোত এলাকায় একটি কলেজের কাছে ভারতীয় সেনা ও পুলিশ দলের সঙ্গে জঙ্গিদের ব্যাপক বন্দুকলড়াই চলছিল।এলাকাটির ওপর দিয়ে সেনা হেলিকপ্টার চক্কর দিচ্ছে আর সেখান থেকে মুর্হূমুহু গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।এই দিন ভোর পাঁচটায় ভারী অস্ত্রসজ্জিত জঙ্গিরা জম্মু-পাঠানকোট মহাসড়কে একটি মাহিন্দ্র বলেরো গাড়ি থামিয়ে যাত্রীদের লক্ষ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে একজন যাত্রী নিহত ও তিনজন আহত হন।এরপর গাড়িটির দখল নিয়ে জঙ্গিরা জাঙ্গলোতের সেনা ক্যাম্পের দিকে এগিয়ে যায় এবং ক্যাম্পের সেনাদের লক্ষ করে গুলিবর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। এতে এক সেনা আহত হন।আগামী মাসে অনুষ্ঠিতব্য ভারতের জাতীয় নির্বাচনকে সামনে রেখে হামলা পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি এই জঙ্গিরা দেশটিতে প্রবেশ করেছে বলে সন্দেহ করছে পুলিশ।যে এলাকায় হামলা চালানো হয়েছে ২০১৩ সালের সেপ্টেম্বরে এর কাছাকাছি এলাকা হিরানগরে তিন জঙ্গি একটি পুলিশি থানায় হামলা চালিয়েছিল। পাকিস্তান থেকে আসা বলে ধারণা করা ওই জঙ্গিদের হামলায় শীর্ষ এক সামরিক কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়েছিল।বুধবার বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি হিরানগরে একটি জনসমাবেশ করেছেন। এই এলাকায় আরেকটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশ সতর্ক ছিল বলে জানিয়েছে।লোকসভার উধমপুর আসনের অংশ কাঠুয়া জেলা। এই আসনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবি আজাদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
