২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইট এমএইচ৩৭০: স্বজনদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চীনের রাজধানী বেইজিংয়ে মালয়েশিয়া দূতাবাসের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে নিখোঁজ বিমানের যাত্রীদের ক্ষুব্ধ স্বজনরা। বিমান অনুসন্ধানকাজে ‘বিলম্ব এবং প্রতারণার আশ্রয় নেয়ার’ অভিযোগ করেছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:27 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিখোঁজ বিমানটি (ফ্লাইট এমএইচ৩৭০) দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়ে ডুবে যাওয়ার কথা নিশ্চিত করার পর ওই অভিযোগ তুলে বিক্ষোভ করে স্বজনরা।বেইজিংয়ে এক বিবৃতিতে মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে অনুসন্ধান কাজে দেরী, সত্য গোপন করা এবং তথ্য বিকৃত করার অভিযোগ করে কুয়ালা লামপুরের কাছে ‘সত্য জানানোর’ দাবি সম্বলিত ব্যানার নিয়ে মালয়েশিয়া দূতাবাস অভিমুখে যাত্রা করে বিক্ষোভকারীরা।পুলিশ তাদেরকে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। প্রায় ২০ থেকে ৩০ জন বিক্ষোভকারী মালয়েশিয়া দূতাবাসের দিকে পানির বোতল ছুড়ে মারে। বিক্ষোভকারীদের কয়েকজন দূতাবাস ভবনে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে শুরু হয় ধস্তাধস্তি।মালয়েশিয়া যে তথ্য-উপাত্তের ভিত্তিতে বিমানটি হারিয়ে যাওয়ার উপসংহার টেনেছে সে তথ্যগুলো দেখতে চেয়েছে চীন।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সোমবার ব্রিটিশ স্যাটেলাইট উপাত্তের নতুন বিশ্লেষণের ভিত্তিতে নিখোঁজ বিমানটি অস্ট্রেলিয়ার পার্থ নগরীর পশ্চিমে ভারত মহাসাগরে বিধস্ত হয়ে বিলীন হয়ে গেছে বলে জানান।এরপরই শোক এবং ক্ষোভে ফেটে পড়ে বিমানটির যাত্রীদের স্বজনরা। বিমানটির ১৫০ জনেরও বেশি যাত্রী ছিল চীনের।নাজিবের বিবৃতির পর চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জিয়ে হ্যাংশেং স্যাটেলাইটে পাওয়া সব তথ্য-উপাত্ত বেইজিংকে হস্তান্তরের দাবি জানিয়েছেন মালয়েশিয়ার কাছে। মালয়েশিয়া কিভাবে বিমানটি হারিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছল চীন তা দেখতে চায় বলে জানান তিনি।প্রতিকূল আবহাওয়া এবং সাগর উত্তাল থাকায় দক্ষিণ ভারত মহাসাগরে মঙ্গলবার মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের অনুসন্ধানের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে বিমান নিরাপদে উড়তে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।কিন্তু এতেও আপত্তি জানিয়ে চীনের হ্যাংশেং বলেছেন, “অনুসন্ধান এবং উদ্ধারকাজ এখন বন্ধ হতে পারে না। আমরা চাই মালয়েশিয়ার পক্ষ থেকে অনুসন্ধান এবং উদ্ধারের পুরো কাজটাই শেষ করা হোক।”তবে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড জনস্টোন বলেছেন, “অন্তত আরো ২৪ ঘণ্টার আগে অনুসন্ধানকাজ নতুন করে শুরুর সম্ভাবনা নেই”।গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনের বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয়ে যায়। তারপর থেকে ব্যাপক আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি।