ক্রিমিয়া থেকে সশস্ত্র বাহিনী সরিয়ে নিচ্ছে ইউক্রেইন
ক্রিমিয়ায় ইউক্রেইনের প্রায় সব সামরিক ঘাঁটি রুশপন্থি বাহিনী দখল করার পর সেখান থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ইউক্রেইনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলেক্সান্দর তুর্কিনোভ।
সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য রাশিয়া হুমকি হয়ে ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।ক্রিমিয়া উপদ্বীপের ফেওডোসিয়া নৌ-ঘাঁটিসহ ওই অঞ্চলে ইউক্রেইনের প্রায় সব ঘাঁটিই দখল করেছে রাশিয়ার সেনারা।তুর্কিনোভ বলেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চলে মোতায়েন সামরিক ইউনিটগুলো প্রত্যাহারের সিদ্ধান্তে পৌঁছেছে”।সেনাদের পরিবারের সদস্যদেরও সরিয়ে আনা হবে বলে জানান তিনি।সোমবার ফেয়োডোসিয়ায় নৌঘাঁটি রুশ সেনারা দখল করার পর প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয় দফায় এ ঘাঁটিটি দখল করে রাশিয়া।ইউক্রেইনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজোনোভ বলেন, রুশ সেনারা সামরিক কর্মকর্তা বহনকারী সাঁজোয়া যান স্টান গ্রেনেড নিয়ে দুদিক থেকে ঘাঁটিটিতে হামলা করে।এর মধ্য দিয়ে ইউক্রেইনের প্রতিরোধের সর্বশেষ প্রতীকটিও গুঁড়িয়ে দেয় রাশিয়া।এর আগে এ মাসের শুরুর দিকে ক্রিমিয়ায় গণভোটের পর রাশিয়া এ অঞ্চলকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নিয়েছে। ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্ব এ পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে।শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন হেগ বৈঠকে একযোগে রাশিয়ার এ আগ্রাসনের জবাব দেয়ার কথা বিবেচনা করছে।গত শুক্রবার অন্য দুটি সামরিক ঘাঁটি দখল করে রাশিয়া। ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর মস্কো ক্রিমিয়ায় নিয়ন্ত্রণ জোরদার করে।
