সিরিয়ার বিমান ভূপাতিত করেছে তুরস্ক
তুরস্কের আকাশসীমায় অনুপ্রবেশের পর সিরিয়ার একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষাবাহিনী। তবে বিমানটি মাটিতে পড়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।
রোববার দুই দেশের সীমান্ত অঞ্চলের কাসাব চেকপয়েন্টের কাছে বিমানটি নামানো হয় বলে তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে।তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বলেন, সিরিয়ার একটি বিমান আমাদের আকাশসীমায় অনুপ্রবেশে করেছিল। আমাদের এফ-১৬ জঙ্গি বিমান গিয়ে তাতে আঘাত হেনেছে।“একাজটি কেন করা হলো? কারণ, তুমি যদি আমার আকাশসীমা অতিক্রম কর তবে আমাদের পাল্টা আঘাতটি হবে অত্যন্ত তীব্র।”সীমান্তের ওই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আসাদ প্রশাসন ও বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে।বিমানটি সিরিয়ার অভ্যন্তরে থেকে বিদ্রোহীদের ওপর হামলা চালানোর সময় তুরস্ক বিমানে আঘাত হেনেছে বলে সিরিয়া দাবি করছে।সিরিয়ার ভূখণ্ডেই বিমানটি ভূপাতিত হয়েছে বলে আসাদ সমর্থক একটি স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়। তবে তুরস্কের হারিয়েত ডেইলি নিউজের খবরে বলা হয়, বিমানটি দুই দেশের ‘নো ম্যান্স ল্যান্ডে’ রয়েছে।বিদ্রোহীরা শুক্রবার থেকে কাসাব সীমান্তে আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তুরস্কের সেনাবাহিনী বিদ্রোহীদেরকে আক্রমণে সহায়তা করছে বলে সিরিয়া অভিযোগ করেছিল।প্রেসিডেন্ট আসাদের প্রশাসন থেকে বলা হয়, সিরিয়ার অভ্যন্তরে বিদ্রোহীদের ওপর হামলা করার সময় তুরস্কের সেনাবাহিনী তাদের একটি বিমান ভূপতিত করে। এ ঘটনাকে চরম ‘আগ্রাসী পদক্ষেপ’ বলে দাবি করে সিরিয়া।স্থানীয় গণমাধ্যমগুলো সিরিয়ার উদ্ধৃতি দিয়ে জানায়, বিমানটি মাটিতে পড়ার আগেই পাইলট বেরিয়ে আসতে পেরেছেন।তুরস্ক থেকে বিমানটি লক্ষ্য করে পর পর দুটি রকেট হামলা চালানোর পর তা পড়ে যায় বলে আল মানার টিভির খবরে বলা হচ্ছে।
