২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিতে ‘আস্থা’ পেয়ে সাংবাদিক আকবর বিজেপিতে

ভারতের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন প্রখ্যাত সাংবাদিক এম জে আকবর, ‍যিনি এক সময় কংগ্রেসের নীতিনির্ধারক পর্যায়ে ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 05:56 PM

রাজিব গান্ধীর ঘনিষ্ঠজন আকবরের বিজেপিতে যোগদান অনুষ্ঠানে দলটির সভাপতি রাজনাথ সিংও উপস্থিত ছিলেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানায়।

আকবর কংগ্রেসের মনোনয়ন নিয়ে ১৯৮৯ থেকে ’৯১ সাল পর্যন্ত বিহার প্রদেশের কিষাণগঞ্জ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ৮৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের মুখপাত্রের দায়িত্বেও ছিলেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসের মধ্যে নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ আকবর বলেন, ভারতকে ‘উদ্ধারে’ বিজেপির নীতি এবং কর্মপরিকল্পনা দেখে তিনি আবার রাজনীতিতে ফিরেছেন।

“নীতিগত কারণে আমি আবার রাজনীতিতে এসেছি। দেশের ভবিষ্যত সঙ্কট সবার কাছে স্পষ্ট। দেশের জন্য সামান্য কিছু করাতে এটা আমার জন্য একটা সুযোগ।”

“আমি বিজেপির সঙ্গে কাজ করে যেতে চাই। জনতার দাবির সঙ্গে একাত্ম হওয়া ও দেশের ঘুরে দাঁড়ানোর জন্য কাজ করা আমাদের কর্তব্য।”

অনুষ্ঠানে বিজেপি সভাপতি রাজনাথ সিং বলেন, ক্রীড়া, রাজনীতি, চলচ্চিত্র, সাহিত্যসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার দলে যোগ দিচ্ছেন।

“এখন গণমাধ্যম জগতের প্রখ্যাত ব্যক্তিত্বরাও দেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার জন্য বিজেপির সদস্যপদ গ্রহণ করছেন। আকবরের মতো বলিষ্ঠ ব্যক্তিত্বরাও এখন আমার দলে। আমি তাকে স্বাগত জানাই।”

সাংবাদিক আকবর সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা রাজিব গান্ধীর কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন।

আকবর মনে করেন, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ভারতকে এগিয়ে নিতে সক্ষম।

“দেশের রাজনীতিতে সঙ্কট রয়েছে, সেটা মুদ্রার একপিঠ, আমি অনেক সমাধানও দেখছি। দেশের ভবিষ্যতের জন্য মোদির নেতৃত্ব খুবই প্রয়োজন।”

গুজরাটের দাঙ্গার ঘটনায় আদালতের রায়ে বিজেপি নেতা মোদির দায়মুক্তির প্রসঙ্গও তুলে ধরেন আকবর।

তিনি বলেন, নেতা হিসেবে মোদি যে পরিমাণ আইনি ও প্রশাসনিক তল্লাশির মুখোমুখি হয়েছেন তা ভারতের অন্য কোনো রাজনীতিকের ক্ষেত্রে ঘটেনি।

নিজে যোগ দিয়ে ভারতের মুসলিম জনগোষ্ঠীকেও বিজেপির হয়ে কাজ করার আহ্বান জানান আকবর। তাদেরকে ‘ভয়ের রাজনীতি’ বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

১৯৭১ সালে টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন আকবর। ১৯৭৬ সালে কলকাতার আনন্দবাজার গ্রুপের সান ডে’র সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৮২ সালে তিনি যোগ দেন দ্য টেলিগ্রাফে।

১৯৯১ সালে কংগ্রেস সরকারের মানবসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগ দিলেও এক বছরের মাথায় পদত্যাগ করেন। পরে কংগ্রেসের রাজনীতিও ছেড়ে দেন এবং আবার সংবাদিকতা শুরু করেন।