মাফিয়ারা নরকে যাবে : পোপ ফ্রান্সিস
অনুতপ্ত হয়ে অপরাধ করা বন্ধ না করলে মাফিয়ারা নরকে যাবেন বলে মন্তব্য করেছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
তিনি বলেছেন,“রক্তের দাগযুক্ত টাকা, রক্তের দাগযুক্ত ক্ষমতা নিয়ে অপনারা পরকালে প্রবেশ করতে পারবেন না, তাই অনুতপ্ত হন।”
শুক্রবার ইতালির রাজধানী রোমের কাছে মাফিয়া দলের সদস্যদের হাতে নিহতদের আত্মীয়স্বজনের আয়োজিত এক প্রার্থণা সভায় ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন, জানিয়েছে বিবিসি।
অপরাধের বিরুদ্ধে রোমান ক্যাথলিক চার্চগুলোর অবস্থান তুলে ধরতে ইতালির নাগরিক সংগঠন লিবেরা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানস্থল মাফিয়াদের হাতে অত্যাচারিত ও তাদের হাতে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের দিয়ে পরিপূর্ণ ছিল।
অনুষ্ঠান চলাকালে মাফিয়াদের হাতে নিহত ৮৪২ জনের নাম উচ্চারণ করে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়।
মাফিয়া কবলিত ইতালির মাফিয়া-বিরোধী আন্দোলনকারীরা পোপেরে কথা শুনে তাকে তাদের আন্দোলনের পক্ষের একজন বলে বিবেচনা করছে।
