২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্ভাব্য ধ্বংসাবশেষের’ খোঁজ মেলেনি

দক্ষিণ ভারত মহাসাগরে অনুসন্ধান চালিয়ে শুক্রবার পর্যন্ত মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির কোনো হাদিস পায়নি বহুজাতিক অনুসন্ধানকারী দল।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 10:30 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

সাগরের দুর্গম এলাকায় অস্ট্রেলিয়ার কৃত্রিম ভূ-উপগ্রহে দেখা মেলা ভাসমান বস্তু যাকে বিমানের ‘সম্ভাব্য ধ্বংসাবশেষ’ বলেই মনে করা হচ্ছিল তা ডুবে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী।প্রায় দুই সপ্তাহ আগে ২৩৯ আরোহীসহ নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ ফ্লাইটটির সন্ধানে ভারত ও থাইল্যান্ডের মধ্যবর্তী সাগরের আন্দামান দ্বীপ এলাকাতেও অনুসন্ধান চলছে।আধুনিক আকাশ পরিবহনের ইতিহাসে রহস্যঘেরা এই বিমান নিখোঁজের ঘটনা এখনও অনুসন্ধানকারীদের আয়ত্বের বাইরেই রয়ে গেছে।বর্তমানে বাংলাদেশসহ ২৬টি দেশ বিমানটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। জাহাজ ও বিমানের সঙ্গে একাজে যোগ দিয়েছে বিভিন্ন দেশের কৃত্রিম উপগ্রহও। মালাক্কা প্রণালী, আন্দামান দ্বীপ, মালদ্বীপসহ বিভিন্ন এলাকায় বিমানের ‘সর্বশেষ গতিপথের’ খবরে ওইসব এলাকায় তল্লাশি চালিয়েছে বহুজাতিক অনুসন্ধানী দল।ইতোপূর্বে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের পেছনে ব্যর্থ অভিযান চললেও বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্থ অঞ্চল থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বুকে ভাসমান বস্তুকে বিমান খুঁজে পাওয়ার চেষ্টায় ‘নির্ভরযোগ্য অগ্রগতি’ হিসেবেই অভিহিত করেছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ।এর পরই সেখানে ব্যাপক তল্লাশি শুরু হয়। তবে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানায়, মহাসাগরের সম্ভাব্য স্থানে স্যাটেলাইটে ধরা পড়া ভাসমান বস্তুটির সন্ধানে পাঠানো প্রথম বিমানটি কোনো অগ্রগতি ছাড়াই ফিরে এসেছে।অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস বলেন, “সাগরে যে বস্তুটি ভাসতে দেখা গিয়েছিল তা সম্ভবত আর ভাসছে না। এটা নিচের দিকে চলে যেতে পারে।”তারপরও অনুসন্ধানকাজ চলবে জানিয়ে তিনি বলেন, চীন ও জাপানের বিমান বহরের সঙ্গে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বিমানগুলোও সপ্তাহজুড়ে তল্লাশি তৎপরতায় নিয়োজিত থাকবে।পাপুয়া নিউ গিনি সফরে থাকা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, “পৃথিবীপৃষ্ঠে সবচেয়ে দূর্গম জায়গা এটি, কিন্তু ওখানে যদি কিছু থেকে থাকে, আমরা তা খুঁজে বের করব।”“এটি জাহাজ থেকে ছিটকে পড়া কোনো কনটেইনারও হতে পারে। আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা নিখোঁজদের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীদেরকে বলতে পারি যে, রহস্যের উন্মোচন করতে সম্ভাব্য সবই আমরা করব।”অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন মিশনটি থেকে আগেই জানানো হয়েছিল, দেশটির পার্থ শহর থেকে ২ হাজার ৫শ’কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের ওই অঞ্চলটির উদ্দেশে পাঁচটি আকাশযান পাঠানো হয়েছে।

উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে মহাসাগরের ওই এলাকায় দুটি বড় ভাসমান বস্তুর ছবি শনাক্ত করার পর বৃহস্পতিবার অনুসন্ধান অভিযান শুরু হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, “উপগ্রহের চিত্রগুলো যথেষ্ট বিশ্বাসযোগ্য হওয়া সত্বেও এর বাইরে সেখানে আর কিছু নেই। কিন্তু বিমানটিতে যারা ছিল সেই সব মানুষদের পরিবারগুলোর জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে।”

তদন্তকারীদের ধারণা, ৮ মার্চ রাতে নিখোঁজ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে যাত্রা করার পর সচেতনভাবে বিমানটিকে তার গন্তব্য পথ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কোথাও নিয়ে যাওয়া হয়েছে।

তারা ছিনতাই, নাশকতা ও বিমান চালকের সম্ভাব্য আত্মাহুতির বিষয়টি নিয়ে তদন্ত চালালেও বিমানের কারিগরি সমস্যার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

বিমানটির খোঁজে ভারত মহাসাগরের এই এলাকা ছাড়াও স্থলভাগে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ লাওস থেকে শুরু করে উত্তর-পশ্চিমে কাজাখস্তান পর্যন্ত এলাকায়ও আরো অনুসন্ধান অভিযান চলছে।