ইউক্রেইনের সঙ্গে সহযোগিতা চুক্তি ইইউ’র
ইউক্রেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে সহযোগিতা চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মস্কো ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেয়ার প্রক্রিয়া শেষ করে আনার এ সময়টিতে ইউক্রেইনের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ঘটিয়ে ইইউ শুক্রবার এ চুক্তি সই করল।রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর কয়েক ঘণ্টা পরই এ পদক্ষেপ নিল ইইউ। এটি সেই সহযোগিতা চুক্তি যা সই করতে গত নভেম্বরে অস্বীকৃতি জানিয়েছিলেন রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। এরপরই তার সরকারের বিরুদ্ধে পশ্চিমাপন্থি আন্দোলন শুরু হয় এবং এর জেরে গতমাসে ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভুক্ত করার চুক্তি সই করেছেন। এরপরই ইউক্রেইনের অন্তর্বর্তী নেতাদেরকে অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিতে ইইউ চুক্তি সইয়ের পদক্ষেপ নেয়।ইউক্রেইনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক এবং ইইউ প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পুই ও হোসে ম্যানুয়েল ব্যারোসোসহ জোটের ২৮ টি দেশের নেতারা ব্রাসেলস বৈঠকের ফাঁকে সহযোগিতা চুক্তি সই করেন। এর মধ্য দিয়ে ইউক্রেইন এবং ইইউয়ের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে ওঠার পট প্রস্তুত হল।ভ্যান রম্পুই এক বিবৃতিতে বলেন, “এ চুক্তি ইউক্রেইনের জনগণের গণতন্ত্র, মূল্যবোধ এবং আইনের শাসনে দেশ পরিচালিত হওয়ার আকাঙ্খারই স্বীকৃতি”।ওদিকে, ইউক্রেইনের প্রধানমন্ত্রী চুক্তি সইয়ের এ দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ আখ্যা দিয়ে বলেন, “আমরা বৃহত্তর ইউরোপীয় পরিবারের অংশ হতে চাই। আর এ পদক্ষেপটি আমাদের সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার পথে উল্লেখযোগ্য প্রথম ধাপ”।
