২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো রুশ সেনা ঢুকছে ক্রিমিয়ায়, ফের আগ্রাসনের হুমকি

ইউক্রেইনের ক্রিমিয়ায় সেভাস্তোপোলের কাছে কাজাছায়া বে’তে নোঙর করা বিশাল রুশ যুদ্ধজাহাজ ইয়ামাল ১৫৬ থেকে নামছে ট্রাকের বহর, সেনা এবং সাঁজোয়া যান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 06:12 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সামরিক শক্তি বাড়িয়ে চলার মধ্যে শুক্রবার সকালে দেখা গেছে এ তৎপরতা। রাশিয়া ফের ইউক্রেইনের অন্যান্য অংশে আগ্রাসনের হুমকি দিয়েছে।ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ক শহরে সংঘর্ষে অন্তত একজন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় আবারো ক্রিমিয়ায় রুশ নাগরিকদের সুরক্ষায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন চালানোর অধিকার ঘোষণা করেছে। এতে করে ক্রিমিয়ার ব্যাপারে পশ্চিমাদের সংযত থাকার আহ্বানে রাশিয়ার কর্ণপাত করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।মস্কো বরাবরই ক্রিমিয়ায় সেনা হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে আসলেও রয়টার্সের সাংবাদিকরা শুক্রবার ইয়ামাল ১৫৬ থেকে কয়েকটি ট্রাক ক্রিমিয়ায় ঢুকতে দেখেছেন। একটি বিশাল ট্রাকে করে সামরিক কর্মকর্তা বহনকারী সাজোঁয়া যানও(এপিসি)ঢুকতে দেখার কথা জানান তারা।ট্রাকগুলো জাহাজ থেকে নেমে তেলের একটি স্টোরেজ টার্মিনালের কাছে জড়ো হয়। এ গাড়িগুলো ৩শ’রও বেশি সেনা এবং ডজনখানেক এপিসি বহনে সক্ষম।সোমবার একই এলাকার রাস্তায় ট্রাকসহ অন্তত ১শ টি রুশ যান, এপিসি এবং গোলাবারুদের বহর ঢুকতে দেখার কথা জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক। এলাকাটি সেভাস্তোপোল বন্দর থেকে ১৫ কিলোমিটার দূরে ইউক্রেইনের অঞ্চল। কৃষ্ণ সাগর নৌবহরের জন্য যে জায়গাটি মস্কো লিজ নিয়েছে কিয়েভের কাছ থেকে।ক্রিমিয়ার রাশিয়াপন্থি কর্তৃপক্ষ সেভাস্তোপোলের রুশ নৌ ঘাঁটির বাইরে রাশিয়ার সেনাদের কোনোরকম উপস্থিতির কথা অস্বীকার করেছে। ইউক্রেইনের সীমান্তরক্ষীরা শুক্রবার ক্রিমিয়া থেকে ইউক্রেইনের মূল ভূখন্ডে যাওয়ার সময় ইউনিফর্ম পরা এক রুশ সেনাকে আটক করার কথা জানায়। তবে ধৃত ব্যক্তি জানায়, সে হারিয়ে গেছে।ইউক্রেইনের কর্মকর্তা এবং বিশ্লেষকদের হিসাবমতে, ক্রিমিয়ায় আছে ২০ হাজার রুশ সেনা। এর মধ্যে ১২ হাজারেরও কম সেনা আছে কৃষ্ণসাগরের নৌবহরে। নৌবহর নিয়ে চুক্তি অনুযায়ী মস্কো সেভাস্তোপোলে ২৫ হাজার সেনা রাখতে পারে।রুশ সেনারা দু’সপ্তাহ আগে ক্রিমিয়া দখল করে। এরপর ইউক্রেইন থেকে বেরিয়ে রাশিয়া ফেডারেশনে যোগ দেয়ার পক্ষে ভোট দেয় ক্রিমিয়ার পার্লামেন্ট। এ নিয়ে ক্রিমিয়ায় গণভোট হওয়ার কথা আগামী রোববার। পশ্চিমারা এ গণভোটকে অবৈধ আখ্যা দিয়েছে।কিন্তু রাশিয়া ক্রিমিয়ার এ গণভোটে সমর্থন দিয়েছে। এ থেকে রাশিয়ার সরে আসারও কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। পুতিন এর আগে ১ মার্চে ইউক্রেইনে আগ্রাসন চালানোর অধিকার আছে বলে ঘোষণা দিয়েছিলেন।আর এখন ক্রিমিয়ায় গণভোটের আগে একের পর এক আরো আগ্রাসী পদক্ষেপের লক্ষণই দেখাচ্ছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, তারা ভূমধ্যসাগরে জঙ্গি বিমান এবং হেলিকপ্টার মহড়া চালাবে। এর আগে বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেইন সীমান্তের কাছে সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয়।