২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপগ্রহ থেকে পাওয়া ছবি দেখে মেলেনি বিমানের খোঁজ

চীনের উপগ্রহ থেকে পাওয়া ছবি থেকে পাওয়া সম্ভাব্য ধ্বংসাবশেষের ছবি দেখে তল্লাশির পরও সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ হয়ে যাওয়া মালয়শিয়া এয়ারলাইন্সের বিমানের।

রয়টার্স

মহিউদ্দিন খান রিফাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 02:32 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স’র ওয়েবসাইটে ছবিগুলো প্রকাশ করে দাবি করা হয়, এগুলো বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পর রোববার তোলা হয়েছে।

আর এরপরই মালয়শিয়া ও ভিয়েতনাম অনুসন্ধানের জন্য চীনের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোতে যে স্থান নির্দেশ করা হয়েছে সেখানে তল্লাশি চালানোর পরও হতাশ হয়ে ফিরতে হয়েছে অনুসন্ধানকারীদের।

কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তোলা এসব ছবি দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দক্ষিণ চীন সাগরে ভাসমান বিশাল একটি বস্তু।

তবে বিবিসি বলছে, এরআগে এ ধরনের আরো সম্ভাব্য ধ্বংসাবশেষের স্যাটেলাইটচিত্র প্রকাশ পায় পরবর্তীতে সেগুলো সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে।

দক্ষিণ চীন সাগরের ওই স্থানটিতে তল্লাশি বিমান ধারাবাহিকভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এমন কোনকিছুর সন্ধান পাওয়া যায়নি, যাতে করে বিমানটি সেখানে বিধ্বস্ত হতে পারে বলে নিশ্চিত হওয়া যেতে পারে।

বহুজাতিক এই অনুসন্ধান কার্যক্রমে এ নিয়ে চতুর্থবারের মতো ভুল তথ্য বা ইঙ্গিত প্রকাশ করা হল।

অনুসন্ধানকারী দল সমুদ্রের ২৭ হাজার নটিক্যাল মাইলজুড়ে বোয়িং ৭৭৭-২০০ ইআর বিমানটির খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সমুদ্রের ওই এলাকাটি হাঙ্গেরির মোট ভৌগলিক সীমার সমান।

শনিবার প্রথম প্রহরে মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং-এর উদ্দেশে যাত্রা করা বিমানটি ২৩৯জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। উড্ডয়নের এক ঘণ্টা পরই ভিয়েতনামের দক্ষিণে কামাউ-এর আকাশসীমায় প্রবেশের পর বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।