বিস্ফোরণে ভবন ধস, নিউ ইয়র্কে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গ্যাস পাইপ ফুটো হয়ে ভয়াবহ বিস্ফোরণে দুটি বহুতল ভবন ধসে তিনজনের মৃত্যু হয়েছে।
রয়টার্সের খবরে জানানো হয়,স্থানীয় সময় বুধবার সকালে ম্যানহাটনের ইস্ট হারলেমে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৬ জন।
নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দ্যা ব্লোসিও জানান, ওই দুই ভবনের বেশ কয়েকজন বাসিন্দা এখনো নিখোঁজ।
পাঁচ তলা ভবনদুটিতে অন্তত ১৫টি অ্যাপার্টমেন্ট ছিল। বিস্ফোরণের পর ভবনের আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং কংক্রিটের টুকরো ছিটকে পড়ে।
অগ্নিনির্বাপক বিভাগের আড়াইশ’র বেশি কর্মী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনাস্থলটি ইউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল রেল স্টেশনের একটি রেল লাইনের পাশে হওয়ায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলও বন্ধ থাকে।
ঘটনাস্থলে উপস্থিত মেয়র সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের ১৫ মিনিট আগে পাইপ থেকে গ্যাস নিঃসরণের অভিযোগ সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হয়। তবে ব্যবস্থা নেয়ার আগেই বিস্ফোরণ ঘটে।
“শক্তিশালী বিস্ফোরণে পাশাপাশি ভবন দুটি পুরোপুরি ধসে যায় এবং আশপাশের অন্যান্য স্থাপনার ক্ষতি হয়।”
গ্যাস বিতরণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কন এডিসন বলছে, বিস্ফোরণের কিছুক্ষণ আগে একজন বাসিন্দা তাদের গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানিয়েছিলেন।
তবে আরেক বাসিন্দা নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন, তিনি বিস্ফোরণের আগে এক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন।
দুর্ঘটনায় আহতদের হারলেম হাসপাতাল, মাউন্ট সিনাই হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
