ইউক্রেইনে নতুন প্রতিরক্ষা বাহিনী, সহায়তা আহ্বান
ইউক্রেইনের অন্তর্বর্তী নেতারা নতুন প্রতিরক্ষা বাহিনী ন্যাশনাল গার্ড প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি ক্রিমিয়ায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে দেশটি।
ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর দুর্বলতার জন্য ক্ষমতাচ্যুত পূর্ববর্তী শাসকদের দোষারোপ করেছে অন্তর্বর্তী সরকার।ভারপ্রাপ্ত মন্ত্রীরা পার্লামেন্টে ইউক্রেইনের প্রতিরক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেছেন, তাদের হাতে আছে যুদ্ধের জন্য প্রস্তুত মাত্র ৬ হাজার পদাতিক বাহিনী। বিমান বাহিনীও সেকেলে। সুপারপাওয়ার মস্কোর শক্তিশালী বাহিনীর কাছে এ বাহিনী তেমন কিছুই না।রাশিয়া-পন্থি অঞ্চল ক্রিমিয়ার পার্লামেন্টের সঙ্গে ইউক্রেইন সরকারের বাকযুদ্ধ এখনো চলছে। রাশিয়া ফেডারেশনে যোগ দেয়া নিয়ে আগামী রোববার গণভোটের সিদ্ধান্ত নিয়েছে ক্রিমিয়ার পার্লামেন্ট।কিয়েভে জাতীয় পার্লামেন্ট বলেছে, ক্রিমিয়া গণভোট বাতিল না করলে সেখানকার গণপরিষদ ভেঙে দেবে তারা।২০১৩ সালের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে দেড় হাজার কোটি ডলার ঋণ নেয়ার পর ইউক্রেইনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে পার্লামেন্টে বিক্ষোভ বিরোধী বিভিন্ন আইন পাসকে কেন্দ্র করে বিক্ষোভ সহিংস রূপ পায়।আন্দোলন-বিক্ষোভের মুখে গতমাসে ক্ষমতাচ্যুত হন ইউক্রেইনের রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর নিন্দা জানিয়ে বলেন, মস্কোর দৃষ্টিতে ইয়ানুকোভিচ এখনও দেশটির বৈধ প্রেসিডেন্ট।এরপর ইউক্রেইনের স্বায়ত্বশাসিক অঞ্চল ক্রিমিয়ায় সেনা পাঠায় রাশিয়া। ইউক্রেইন সরকারের পাশাপাশি পশ্চিমা দেশগুলো রাশিয়ার এ পদক্ষেপের বিরোধিতা করলেও ক্রিমিয়ার জনগণ এতে সন্তোষ প্রকাশ করে।
