২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১৬ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে অন্তত ১৫ পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 03:04 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। স্থানীয় গণমাধ্যমগুলো প্রথমে নিহতের সংখ্যা ২০ জন প্রচার করলেও পরে এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানায়, হামলায় মোট ১৬ জন নিহত হয়েছে।এদের মধ্যে একজন সাধারণ নাগরিক; বাকিরা পুলিশ বাহিনীর সদস্য।এনডিটিভ’র খবরে আরো বলা হয়, মাওবাদীরা ছত্তিশগড়ের সুকমা জেলার তঙ্গপালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও রাজ্য পুলিশের একটি ট্রাক বহরে চোরাগোপ্তা হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরবর্তী তিন ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে।স্থানীয় পুলিশ কর্মকর্তা অরুণ দেব গৌতম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে।প্রাথমিক খবরে জানা গেছে, পুলিশ দল “রাস্তা পরিষ্কারকরণ” অভিযান চালানোর সময় হামলা শিকার হয়। মাওবাদীরা স্থল মাইনের বিস্ফোরণ ঘটিয়ে গুলিবর্ষণ শুরু করে। গুলিবর্ষণ শেষে পুলিশের অস্ত্রশস্ত্র লুট করে বিদ্রোহীরা।গত বছর দান্তেভাদার জেরাম উপত্যকায় মাওবাদীদের এক চোরাগোপ্তা হামলায় রাজ্য কংগ্রেসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছিলেন, সেই এলাকার খুব কাছেই তঙ্গপালের অবস্থান।