২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনকে মের্কেলের ভর্ৎসনা

ক্রিমিয়ার গণভোট পরিকল্পনায় মস্কোর সমর্থনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভর্ৎসনা করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 06:02 PM

Updated : 22 Aug 2022, 05:51 PM

রাশিয়ায় যোগ দেয়া নিয়ে ক্রিমিয়ার গণভোট অনুষ্ঠানের এ পরিকল্পনা ‘অবৈধ’ এবং ‘ইউক্রেইনের সংবিধানের লঙ্ঘন’ আখ্যা দেন তিনি।

পশ্চিমাদের আপত্তির মুখেও এখন পর্যন্ত ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ কব্জায় রেখেছে রাশিয়া বাহিনী। এরই মধ্যে রুশপন্থি নেতাদের ইউক্রেইন থেকে বেরিয়ে যাওয়ার পদক্ষেপেও সমর্থন দিয়েছেন পুতিন।
এর এক সপ্তাহ আগে ক্রিমিয়ার রুশ নাগরিকদের সুরক্ষায় সেখানে আগ্রাসন চালানোরও অধিকার আছে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর পার্লামেন্টের ভোটের মধ্য দিয়ে পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যোগ করে নেয়ার আইনটিও সহজ করে নিয়েছেন।

মের্কেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে ফোনালাপে পুতিন ক্রিমিয়া কর্তৃপক্ষের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনসম্মত এবং তা ওই অঞ্চলের জনগণের বৈধ স্বার্থর নিশ্চয়তা দেয়ার লক্ষ্যেই নেয়া হয়েছে বলে বর্ণনা করেন।

কিন্তু জার্মান সরকারের বিবৃতিতে ক্রিমিয়ার গণভোটের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে বলা হয়েছে, এতে ইউক্রেইনের সংবিধানের পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে।
ইউক্রেইন সঙ্কট সমাধানে একটি ‘আন্তর্জাতিক কন্টাক্ট গ্রুপ’ এখনো গঠন না হওয়ার জন্যও দুঃখ প্রকাশ করেছে মের্কেল।

এটি জরুরি ভিত্তিতে হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, আগামী দিনগুলোতে এ পদক্ষেপ নেয়া না হলে এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হলে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের পদক্ষেপ নিতে পারে।

রাশিয়ার তেল এবং গ্যাসের ওপর প্রচণ্ডভাবে নির্ভরশীল জার্মানি এ পর্যন্ত ইউক্রেইন সঙ্কটে অন্য অনেক দেশের তুলনায় অনেক বেশি সতর্ক অবস্থানে থেকেছে। মস্কোকে নিষেধাজ্ঞা আরোপ করে শাস্তি দেয়ার আগে পুতিনকে আরো সময় দেয়ার জন্য পশ্চিমাদেরকে আহ্বানও জানিয়ে এসেছেন মের্কেল।

কিন্তু এবার পুতিনকে তার ভর্ৎসনায় এটি স্পষ্ট যে, জার্মানি আন্তর্জাতিক অঙ্গন থেকে রাশিয়ার বিচ্ছিন্নতার ভূ-রাজনৈতিক পরিণামসহ দু’দেশের ব্যবসায়িক স্বার্থ এবং তেলের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।