২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমানটি ছিনতাইয়ের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না

নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি ছিনতাই কিংবা অপহরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না মালয়েশিয়া বিমান কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:54 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

বিমান নিয়ে রহস্যের জাল ভেদ করতে তদন্তকারীদের সবরকম আশঙ্কা খতিয়ে দেখার মধ্যে মালয়েশিয়া বিমান কর্তৃপক্ষের প্রধান আজাহারউদ্দিন আব্দুল রহামন বলেছেন, বিমনটি ছিনতাইয়ের চেষ্টা চলার সম্ভাবনা নাকচ করছেন না তিনি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুর্ভাগ্যজনক যে, আমরা বিমান তো দূরে থাক, বিমানটির কোনো কিছুই পাইনি। আমাদেরকে বিমানটি খুঁজে পেতে হবে। সম্ভব হলে একটা টুকরোও খুঁজে বের করতে হবে”।

৭ টি দেশের বেশ কয়েকটি জাহাজ এবং বিমান মালয়েশিয়ার চারপাশের এবং ভিয়েতনামের দক্ষিণে সাগরে তল্লাশি চালাচ্ছে। বিমানটিতে নিরাপত্তায় ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। বোমা কিংবা ছিনতাই প্রচেষ্টার কারণে বিমানটি মাঝআকাশে ভেঙে পড়েছে কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।

বিমানে চুরি যাওয়া পাসপোর্ট নিয়ে দুই যাত্রীর ওঠার ঘটনা নিয়েও উদ্বেগ এবং সন্দেহ ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোল বলছে, জাল পাসপোর্ট নিয়ে কোনও আন্তর্জাতিক ফ্লাইটে সওয়ার হওয়া অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকতে পারে।

নিখোঁজ বিমানে যে দুজন যাত্রী থাইল্যান্ড থেকে ছিনতাই হওয়া দুটি পাসপোর্ট নিয়ে উঠেছিলেন, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তাদের কাছে ছিল। অথচ কোনও দেশই তা দেখতে বা জানতে চায়নি বলে দাবি করেছে ইন্টোরপোল।

মালয়েশিয়া কর্তৃপক্ষ বিমানটি উধাও হওয়ার পেছনে চীনের সংখ্যালঘু ইউঘুর মুসলিম জঙ্গিদের হাত থাকার সন্দেহ করছে।

মালয়েশিয়ার এক কর্মকর্তা এ আশঙ্কা নাকচ করছেন না জানিয়ে বলেন, জাল পাসপোর্ট বহনের কারণে উইঘুরদেরকে ২০১১-১২ সালে চীনে ফেরত পাঠানো হয়েছিল।

সম্প্রতি মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া ২০১১ সালে ১১ জন উইঘুরকে চীনে ফেরত পাঠায়।

তবে মালয়েশিয়ার বিমান নিখোঁজের সঙ্গে উইঘুরদের সংশ্লিষ্টতার ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা।

শনিবার থেকে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বোয়িং -৭৭৭। শনিবার ২৩৯ জন আরোহী নিয়ে নিয়ে বিমানটি কুয়ালালামপুর থেকে যাত্রা করে বেজিংয়ের উদ্দেশে। মাঝপথে দক্ষিণ চিন সাগরের ওপর হঠাত্ই উধাও হয়ে যায়। রেডার থেকে সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় তল্লাশি। কোনো খোঁজ মেলেনি এখনো।

প্রাথমিক তদন্তে নিয়োজিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বিমানটির কোনো ধ্বংসবশেষ সঙ্গে সঙ্গে পাওয়া না যাওয়ার মানে হচ্ছে বিমানটি মাঝআকাশে বিধস্ত হয়েছে। ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার কারণে তা পাওয়া যাচ্ছে না।

ভিয়েতনাম নৌসেনার একটি জাহাজ সমুদ্রে একটি হলুদ বস্তু দেখতে পেয়ে আশান্বিত হলেও পরে দেশটির বিমান কর্তৃপক্ষ জানায় সেটি নিখোঁজ বিমানের অংশবিশেষ নয়।

ভিয়েতনামের কাছে সাগরে শনিবার দীর্ঘ তেলের স্তর দেখা যাওয়ার খবরে তা নিখোঁজ বিমান থেকে পড়েছে বলে দাবি উঠেছিল, কিন্তু তাও নিশ্চিত হওয়া যায়নি। ওই তেল সংগ্রহ করে বিমানের তেলের সঙ্গে মিলিয়ে দেখার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

নিখোঁজ উড়োজাহাজটির ২৩৯ আরোহীর মধ্যে ১২ জন ক্রু, বাকিরা ১৪টি দেশের নাগরিক। এদের মধ্যে অন্তত ১৫২ জন চীনের, ৩৮ জন মালয়েশিয়ার, ৭ জন ইন্দোনেশিয়ার, ৬ জন অস্ট্রেলিয়ার, ৫ জন ভারতের, ৪ জন ফ্রান্সের এবং ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।