২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ায় তাঁতার মুসলিমদের উদ্বেগ

পশ্চিমাপন্থী ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ক্রিমিয়ার পার্লামেন্টে প্রস্তাব পাস ও গণভোটের উদ্যোগে উদ্বিগ্ন ওই অঞ্চলের নৃতাত্ত্বিক সংখ্যালঘু মুসলিম তাঁতার জনগোষ্ঠী।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 02:48 AM

Updated : 01 Sep 2026, 12:34 PM

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুৎ করে পশ্চিমাপন্থীরা কিয়েভের শাসন ক্ষমতায় আসায় তাদের থেকে বেরিয়ে রুশ ফেডারেশনে যাওয়ার পক্ষে মত দিয়েছে ক্রিমিয়ার পার্লামেন্ট।

এ সিদ্ধান্তই তাঁতাদের জন্য বড় উদ্বেগের কারণ বলে এ জনগোষ্ঠীর অনেকে জানান।

ফাতেমী নামের এক নারী বলেন, “আমরা নিশ্চিত গণভোটের ফলাফল আগ থেকেই ঠিক করা হবে। আমরা আমাদের তাঁতার পার্লামেন্টকে সমর্থন করবো এবং গণভোট বর্জন করবো।”

ইসলাম ধর্মাবলম্বী তাঁতার নৃগোষ্ঠী ক্রিমিয়া অঞ্চলের আদিবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন বিতাড়িত থেকে ১৯৮০ সালে তারা আবার নিজেদের জনপদ ক্রিমিয়ায় ফিরে আসার সুযোগ পায়।

রুশ ভাষাভাষী নাগরিকরাই ক্রিমিয়া অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ। রুশপন্থী নেতা ভিক্তর ইয়ানুকোভিচকে পদচ্যুত করার পর থেকে ক্রিমিয়ার সরকারি ভবনগুলোতে রাশিয়ার পতাকা উড়াচ্ছে তারা। সেখানে রয়েছে রুশ সেনাদের সতর্ক প্রহরা।

গত সপ্তাহে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় রাশিয়ার সেনাবাহিনী।

ষাটোর্ধ্ব তাঁতার দিলিয়াভের বলেন, “আমি জানি না কী হবে। তারা রাশিয়ার সঙ্গে যেতে চায়। কিন্তু আমি চাই ইউক্রেইনের সঙ্গে থাকতে।”

জার্মানির নাৎসীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিন তাঁতারদেরকে বিতাড়িত করেছিলেন।