শান্তিতে নোবেলের মনোনয়ন পেলেন পুতিন
ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চলে সেনা পাঠিয়ে যুদ্ধাবস্থা সৃষ্টি করলেও এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সিরিয়ায় গত অগাস্টে রাসায়নিক অস্ত্র হামলার জন্য সেখানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকানোয় পুতিনের ভূমিকার কারণে অক্টোবরে নোবেলের জন্য তার নাম প্রস্তাব করে একটি অ্যাডভোকেসি গ্রুপ।আর এখন নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পুরস্কারের জন্য এবছর রেকর্ড সংখ্যক প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে পুতিনই পুরস্কার জিতবেন বলে মনে করা হচ্ছে।গত মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারের জন্য সম্ভাব্য ব্যক্তিদের নাম নিয়ে আলোচনার পর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক গিয়ার ল্যান্ডস্টাড জানান, এ বছর ৪৭টি প্রতিষ্ঠানসহ ২৭৮ জনকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।নোবেল কমিটির আলোচকরা ইউক্রেইন সঙ্কটসহ বিশ্বের চলমান সংঘাতময় পরিস্থিতির ওপরও আলোকপাত করেছেন বলে জানিয়েছে ‘দ্য ডেইলি মিরর’ পত্রিকা।গত মাসে গণবিক্ষোভ ও বহু প্রাণহানির পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাজধানী ছাড়েন। পরে পার্লামেন্টে তাকে ক্ষমতাচ্যুত করে প্রস্তাব পাস হয়।ইয়ানুকোভিচের ক্ষমতাচ্যুতির পর থেকেই ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপের দখল নিয়েছে পুতিনের সেনাবাহিনী। দেশটিতে সামরিক অভিযান চালানোর অধিকার আছে বলে পুতিনের ঘোষণাকে ‘যুদ্ধঘোষণা’ বলে দাবি করেছে ইউক্রেইনের অন্তর্বর্তী সরকার।ল্যান্ডস্টাড বলেন, কমিটির প্রথম বৈঠকে বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করা হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীল অঞ্চলগুলোতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তাও বোঝার চেষ্টা করা হয়েছে।তাছাড়া, ১০ অক্টোবরে নোবেল বিজয়ীর নাম ঘোষণার আগে ইউক্রেইন সঙ্কট এবং ক্রিমিয়ার বিষয়টি নোবেল ইন্সটিটিউটের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।আর এ সঙ্কটের কারণেই পুতিনকে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য বিজয়ী হিসাবে দেখাটা কঠিন- বলেন, অসলোর ‘পিস রিসার্চ ইন্সটিটিউট’ (পিআরআইও) এর ক্রিস্টিন বার্গ হার্পভাইকেন।তবে তিনি আরো বলেন, “ইউক্রেইনে নাটকীয় পরিস্থিতির কারণে পুতিনের ব্যাপারে নোবেল কমিটির চিন্তা-ভাবনা বদলে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত এ পুরস্কারের সম্ভাব্য বিজয়ী হিসাবে পুতিন ছাড়া আর বেশি যোগ্য কাউকে দেখা যাচ্ছে না”।মনোনীতদের তালিকায় তালেবানের হামলার শিকার পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই এবং রাশিয়ার ভিন্নমতাবলম্বী এক নেতাও আছেন বলে মনে করা হচ্ছে।এছাড়া, পোপ ফ্রান্সিস এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) ঠিকাদার ও সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনের নামও রয়েছে বলে শোনা যাচ্ছে।
