রাশিয়ায় যোগ দেবে ক্রিমিয়া, গণভোট ১৬ মার্চ
রাশিয়ান ফেডারেশনে যোগ দেয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়ার এমপি’রা।
এ সিদ্ধান্তের ব্যাপারে জনগণের রায়ের জন্য ১৬ মার্চে গণভোট করা হবে বলে জানিয়েছে ক্রিমিয়ার পার্লামেন্ট।ইউক্রেইনের অন্তর্বর্তী সরকার বলছে, এ ধরনের যে কোনো ভোটই অসাংবিধানিক। কিন্তু ক্রিমিয়া এ গণভোট বৈধ বলে দাবি করেছে।ক্রিমিয়া অঞ্চলের মানুষেরা বেশির ভাগই রাশিয়ান। ইউক্রেইনের মস্কো-পন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর ক্রিমিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে।রাশিয়া-পন্থি এবং রুশ বাহিনী ক্রিমিয়া উপদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। ওই অঞ্চলটি কয়েকদিন ধরেই কিয়েভ থেকে স্বায়ত্ত্বশাসিত অবস্থায় আছে।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রিমিয়ার ভোটের ব্যাপারে অবহিত করা হয়েছে।ক্রিমিয়া পার্লামেন্টের কয়েকটি সূত্র বিবিসি’কে বলেছে, তারা এখন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে নেয়ার অনুরোধের ব্যাপারে মস্কোর প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছে।ক্রিমিয়া পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জনগণ রাশিয়ান ফেডারেশনের হয়ে রাশিয়ায় যোগ দিতে চায় নাকি ক্রিমিয়াকে ইউক্রেইনের অংশ করেই রাখতে চায় গণভোটটি হবে সে প্রশ্নেই।পার্লামেন্ট বলেছে, তারা ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ান ফেডারেশনে যোগ দেওয়ানোর প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।ক্রেমলিন জানায়, পুতিন ক্রিমিয়ার পার্লামেন্টে ভোটের বিষয়টি জানলেও প্রকাশ্যে এখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। ক্রিমিয়ার অনুরোধে রাশিয়া সাড়া দিলেই গণভোট করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।ইউক্রেইনের নতুন সরকার এ গণভোটকে অবৈধ আখ্যা দিয়েছে এবং ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আসকিয়োনোভের বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু করেছে। পার্লামেন্ট গত সপ্তাহে তাকে নিয়োগ দিয়েছিল।ইউক্রেইন সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী, ইউক্রেইনের কোনো অংশের কোনো পরিবর্তন ঘটাতে হলে প্রকাশ্যভাবে গোটা ইউক্রেইনে গণভোটের মধ্য দিয়েই তা হতে হবে।কিন্তু ক্রিমিয়ার উপপ্রধানমন্ত্রী রুস্তম তেমিরগালিয়েভ বলছেন, ক্রিমিয়া কিয়েভের নতুন অন্তর্বর্তী সরকারকে বৈধ মনে করে না। আর সে কারণেই গণভোট করাটা আইনসম্মত।
ইউক্রেইন সরকার এবং ক্রিমিয়ার এ মতবিরোধের মধ্যে অঞ্চলটির রাশিয়ার যোগ দেয়ার সিদ্ধান্তে উত্তেজনা আরো বাড়বে। বিশেষ করে ক্রিমিয়াকে নিয়ে সৃষ্ট সঙ্কট সমাধানে ইউক্রেইন এবং রাশিয়ার মধ্যে সংলাপ অনুষ্ঠান করানোর জন্য পশ্চিমা বিশ্বের চেষ্টা চালানোর এ সময়টিতে।রাশিয়া ইউক্রেইনে হস্তক্ষেপ করা এবং ক্রিমিয়া থেকে সেনা সরানোর পশ্চিমা আহ্বান উপেক্ষা করলেও ইউরোপীয় ইউনিয়নের নেতারা মস্কোয় নিষেধাজ্ঞা আরোপের পথে না গিয়ে বরং সতর্ক করেছে বলে জানিয়েছে রয়টার্স।এখন ক্রিমিয়ার রাশিয়ায় যোগদানের সিদ্ধান্তের পদক্ষেপের কি প্রভাব পড়বে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না।ইইউ সম্মেলনে হাজির হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ সাংবাদিকদের বলেছেন, উত্তেজনা কমানোর জন্য রাশিয়ার ওপর যথাসম্ভব জোরালো চাপ প্রয়োগ করা হবে।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়াল ব্যারোসোও এক টুইটার বার্তায় অখন্ড ইউক্রেইনেরই পক্ষ সমর্থন করেছেন।
