নেটোর আকাশ হামলায় ৫ আফগান সেনা নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে নেটোর আকাশ হামলায় আফগান সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে লোগার প্রদেশের চারকা জেলায় এই হামলায় সেনারা নিহত হন বলে বিবিসি জানিয়েছে।
নেটোর পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করে একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ হিসেবে অভিহিত করা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে সামরিক এই জোট।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি তার ট্যুইটারবার্তায় বলেন, রাতভর আকাশ হামলায় ৫ সেনা নিহত ও ৮ সেনা আহত হয়েছেন।
জেলার গভর্নর খলিলুল্লাহ কামাল ঘটনাস্থল পরির্দশ শেষে বলেন, মার্কিন ড্রোন থেকে এই হামলা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, “সেনা চৌকিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই চৌকিটি যুক্তরাষ্ট্রের সেনারাই ব্যবহার করতো। কিন্তু তারা চলে যাওয়ার পর থেকে এটির দায়িত্ব আফগান সেনাবাহিনী গ্রহণ করে।”
চলতি বছরের মাঝেই অধিকাংশ বিদেশি সেনার আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে।
