লোকসভা নির্বাচন শুরু ৭ এপ্রিল
বিশ্বের সবচেয়ে বেশি ভোটারের দেশ ভারতের লোকসভার নির্বাচন শুরু হচ্ছে আগামী ৭ এপ্রিল।
এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতের জনগণ রায় দেবে, আগামীতেও নেহেরু-গান্ধী পরিবারের নেতৃত্বাধীন বর্তমান কংগ্রেস সরকার ক্ষমতায় থাকবে, না নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় ফিরবে।
নয় ধাপে আগামী ১২ মে শেষ হতে যাওয়া এই নির্বাচনে ভারতের প্রায় ৮১ কোটি ভোটার নতুন সরকার বাছাই করতে ভোট দেবেন।
বুধবার নয়া দিল্লিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পথ।
তিনি বলেন, নির্বাচনে ৮১ কোটি ৪০ লাখ ভোটার অংশ নেবেন। ভোট শেষে আগামী ১৬ মে ফল ঘোষণা করা হবে।
২০০৯ সালে সর্বশেষ নির্বাচনের পর প্রায় ১০ কোটি ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, যা ভারতের বর্ধমান তরুণ প্রজন্মের স্মারক।
তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার সম্পথ বলেন, “নিয়মিত ও অনুমোদিত বিরতির পর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার আত্মা বা মূল বৈশিষ্ট্য।”
প্রার্থী ও দলগুলোর অতিরিক্ত ব্যয় নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নির্বাচনে অর্থশক্তির ব্যবহার নির্বাচন কমিশনের জন্য উদ্বেগের বিষয়।”
সহিংসতা, ব্যালট চুরি ও ভোট কেনার মতো ঘটনা ঠেকাতে কার্যকরভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের সুবিধার্থে কয়েক দফায় লোকসভার নির্বাচন হয়ে থাকে।
এই নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি ও প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়াও আঞ্চলিক অনেক দলও প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রধান দুই দলের বিপরীতে ১১টি দল তৃতীয় ফ্রন্ট গঠন করে লড়াইতে নামছে।
এছাড়া দুর্নীতিবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সম্প্রতি দিল্লির মসনদ ত্যাগ করা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে বহুল আলোচিত আম আদমি পার্টিও এই জাতীয় লড়াইয়ে রয়েছে।
কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে ছোট ছোট দলগুলোই সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করবে, যে প্রবণতাই এখন দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন।
সরকার গঠনের জন্য ভারতের নিম্নকক্ষের ৫৪৩টি আসনের মধ্যে যে কোনো দল কিংবা জোটকে ন্যূনতম ২৭২ আসন পেতে হবে।
নয় ধাপে আগামী ৭ এপ্রিল, ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে ও ১২ মে লোকসভার নির্বাচনে ভোটগ্রহণ হবে। ১৬ মে ফল ঘোষণার পর ৩১ মে’র মধ্যে নতুন পার্লামেন্ট গঠনের বাধ্যবাধকতা রয়েছে।
কয়েকটি রাজ্য কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠান করবে, যার মধ্যে পশ্চিমবঙ্গে পাঁচ দফা এবং আসামে তিন দফায় ভোট নেওয়া হবে।
পশ্চিমবঙ্গে ভোট হবে ১৭, ২৪, ৩০ এপ্রিল, ৭ ও ১২ মে এবং আসামে ভোট হবে ৭, ১২ ও ২৪ এপ্রিল।
ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যের মাওবাদী প্রভাবিত এলাকাগুলোতে একদিনে ভোট নেয়া হবে।
২০০৯ সালের চেয়ে প্রায় ১২ শতাংশ বেড়ে এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াচ্ছে ৯ লাখ ৩০ হাজার।
এবারই প্রথম বারের মতো জাতীয় নির্বাচনে ‘না’ ভোটের সুযোগ রাখা হয়েছে। ব্যালট পেপার ও ইলেকট্রনিক ভোটিং মেশিনে প্রার্থীদের সঙ্গে তালিকা ‘উপরের কেউ না’ শিরোনামে একটি বিকল্প রাখা হবে।
নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত কয়েক প্রার্থীর মধ্য থেকে একজনকে ভোটারা বাছাই করতে বাধ্য হন- গত বছর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ তোলার পর না ভোটের সুযোগ দেয়া হলো।
নির্বাচনের আগে জনমত জরিপগুলোতে নরেন্দ্র মোদিকেই আগামী সরকারের প্রধান হিসেবে এগিয়ে থাকা দেখা যাচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখায় এই বিজেপি নেতা জনপ্রিয় হয়েছেন।
তাছাড়া মধ্য-বাম কংগ্রেস সরকারের আমলে দুর্নীতির অভিযোগসহ দ্রুত অর্থনৈতিক উন্নতি করার সুযোগ হাতছাড়া করার কারণে মোদি সুবিধা পাবেন বলে জরিপগুলোতে দেখানো হচ্ছে।
ক্ষমতায় থাকতে গুজরাটে ভয়াবহ হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তা ঠেকাতে ব্যর্থ হওয়ার, বা তাতে প্রচ্ছন্ন উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত এই বিজেপি নেতা এমন অনেক মধ্যবিত্ত ভোটারের সমর্থন পাচ্ছেন, যারা একবছর আগেও তাকে সমর্থন করতেন না।
