২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইউক্রেইন সঙ্কটকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে আসন্ন বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনাসহ সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 12:30 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক, পরস্পরের বন্দর পরিদর্শন এবং পরিকল্পিত যৌথ সামরিক সম্মেলনের মতো সব সহযোগিতা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।ওদিকে, যুক্তরাষ্ট্রের ‘ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস’ এর মুখপাত্র বলেছেন, “আমরা রাশিয়ার সঙ্গে আসন্ন সব দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা স্থগিত করেছি”।সরকার বিরোধী আন্দোলনে ইউক্রেইনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর দেশটির সঙ্কটকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বাড়ছে।ইয়ানুকোভিচের পতনের পর ইউক্রেইনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় সেনা পাঠিয়ে কার্যত অঞ্চলটি দখল করে নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সেনা প্রত্যাহারের আহ্বান উপেক্ষা করে সেখানে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে রাশিয়া।ইউক্রেইনে হামলা চালানোর অধিকার আছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে পশ্চিমাপন্থি কিয়েভ সরকার।ইউক্রেইনের অন্তর্বর্তী সরকারের এ পদক্ষেপের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমাশক্তির সবচেয়ে বড় সংঘাতের পট প্রস্তুত হয়েছে।