ইউক্রেইন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন সারাহ পেলিন
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন পাঁচ বছর আগেই ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন চালাবে।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানকালে এক বক্তব্যে মার্কিনিদের এ সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। আর এখন বাস্তবে হচ্ছেও তাই।যুক্তরাজ্যের ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, ওবামা প্রেসিডেন্ট হলে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ‘কী কী সঙ্কটজনক পরিস্থিতির’ মুখোমুখি পড়তে পারে সে ব্যাপারে বলতে গিয়েই ইউক্রেইন প্রসঙ্গটি তুলেছিলেন পেলিন।
ওবামার তৎকালীন রানিংমেট জো বাইডেন যে মন্তব্য করেছিলেন তারই প্রতিক্রিয়ায় পলিন ইউক্রেনের বিষয়টি নিয়ে কথা বলেন।বিশ্বের অন্যান্য নেতারা ওবামাকে (তৎকালীন ইলিনয় সিনেটর) পরখ করতে চাইবে মন্তব্য করে ডেমোক্র্যাট সমর্থকদের সতর্ক করেছিলেন বাইডেন।এরই প্রতিক্রিয়ায় পেলিন বলেছিলেন, “রাশিয়ার সেনাবাহিনী যখন জর্জিয়ায় আক্রমণ করে বসল, সিনেটর ওবামা তখন ছিলেন সিদ্ধান্তহীন এবং দ্বান্দ্বিক অবস্থানে। তার এ ধরনের প্রতিক্রিয়া কেবল রাশিয়াকে পরবর্তীতে ইউক্রেইনে আক্রমণ চালাতেই উৎসাহিত করবে।”সম্প্রতি রাশিয়ার সেনারা কয়েকদিন ধরেই ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চলের দখল নিয়ে আছে। দেশটিতে সামরিক হামলা চালাতে পার্লামেন্টের অনুমোদনও নিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে কয়েক সপ্তাহ আগে রাজধানী ক্রিয়েভ ছেড়েছেন ইউক্রেইনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। পরে পার্লামেন্টে তাকে পদচ্যুত করে প্রস্তাব পাস করেন এমপি’রা। মূলত: রুশপন্থী ওই নেতার ক্ষমতাচ্যুতির কারণেই দেশটির বিরুদ্ধে আগ্রাসন চালাতে উদ্যত হয়েছে দীর্ঘদিনের মিত্র রাশিয়া।অবশ্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার যুদ্ধংদেহী অবস্থানের কড়া সমালোচনা করছে। নেটোও রাশিয়াকে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সামধান করেছে। তবে সেনা পাঠালেও দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।ইয়ানুকোভিচ সীমান্ত এলাকার কাছাকাছি রাশিয়ার একটি শহরে অবস্থান করছেন। তবে ইউক্রেইনের রুশ সীমান্তবর্তী অনেক এলাকায় মস্কোপন্থি নাগরিকরা রাশিয়ার পতাকা হাতে মিছিল করছে যা দেশটি দুই ধারায় বিভক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
