মিশরে ফিলিস্তিনের হামাসের কার্যক্রম নিষিদ্ধ
অভ্যন্তরীন নিরাপত্তায় হুমকির কারণে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলনের দল হামাসের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে মিশরের একটি আদালত।
মিশরে হামাসের সব কার্যালয় নিষিদ্ধ করারও আদেশ দেয়া হয়েছে রায়ে। তবে হামাসকে এখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়নি। হামাস আদালতের এ রায়ের নিন্দা জানিয়েছে।ফিলিস্তিনে গাজার ক্ষমতায় রয়েছে হামাস শাসকগোষ্ঠী। হামাস মিশরের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষিত মুসলিম ব্রাদারহুডের মতাদর্শের অনুসারি সংগঠন। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর দলটির বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে মিশরের সেনা সমর্থিত সরকার।বুধবার আদালতের এক বিচারক নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, “হামাসকে নিষিদ্ধ করে এবং মিশরে সংগঠনটির কার্যক্রম অবৈধ ঘোষণা করে আদালত রায় দিয়েছে।”গত জুলাইয়ে রাজধানী কায়রোতে সরকার বিরোধী গণবিক্ষোভের পর ব্রাদারহুড সমর্থক প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।ক্ষমতায় থাকাকালে মুরসি প্রশাসনে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল হামাস। তবে মিশরের ধর্মনিরপেক্ষ ও উদারপন্থী নাগরিকরা রাষ্ট্রের ওই নীতির ঘোর বিরোধিতা করছিল।তবে তার পতনের পর নতুন প্রশাসন হামাসকে এখনো দেশের অভ্যন্তরীন নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছে। দলটির ইসলামি জঙ্গিবাদী নীতি সিনাই উপত্যকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলেও কর্তৃপক্ষের অভিযোগ।হামাসের মুখপাত্র সামি আবু জুহরু রায়ের নিন্দা জানিয়ে বলেন, “এধরনের সিদ্ধান্ত মিশরের ভাবমূর্তি ক্ষুন্ন করবে। ফিলিস্তিনের প্রতি মিশরের ভূমিকাও খর্ব করবে।”হামাসের একজন শীর্ষ নেতা মুসা আবু মারজুক বর্তমানে কায়রোতে বসবাস করছেন। রায়ের কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ফিলিস্তিনের আরেকটি রাজনৈতিক দল ফাতাহ’র সঙ্গে স্বল্পকালীন এক লড়াইয়ের পর ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। ফিলিস্তিনের বাকি অংশের শাসন করছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
