লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা দিল সিপিআই-এম
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামপন্থী দল সিপিআই-এম।
মোট ১৩টি রাজ্যের ২৫টি আসনের জন্য এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় পশ্চিমবঙ্গ, কেরল বা ত্রিপুরার মতো রাজ্য নেই।পশ্চিমবঙ্গ ও কেরল- এ দুই রাজ্যে সিপিএম এর রাজ্য সম্পাদকমণ্ডলী দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর বামফ্রন্টের শরিকদের সঙ্গে আলোচনায় বসবে। তারপরই চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা করা হবে। সিপিএম জানিয়েছে, ৫ মার্চ পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে।প্রথম দফায় প্রকাশিত প্রার্থী তালিকায় অসম, হরিয়ানা ও মহারাষ্ট্রের তিনটি করে আসন রয়েছে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে দু’টি করে আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়াও, একটি করে আসনের নাম রয়েছে গুজরাত, লক্ষদ্বীপ, ওড়িশা এবং উত্তরাখণ্ড থেকে।ভারতের নির্বাচন কমিশন সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানায়, ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে লোকসভা নির্বাচন শুরু হবে। সাত দফায় ভোটগ্রহণের ব্যবস্থা রেখে খুব শিগগিরই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
