ব্যাংকক থেকে সরে গেছে বিক্ষোভকারীরা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে সরে গেছে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা।
রোববার সকালেই বিক্ষোভকারীরা রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা ছেড়ে চলে গিয়ে শহরের তুলনামূলক নিরিবিল এলাকা লুমপিনি পার্কের কাছে অবস্থান নেয়।ব্যাংককের চুলালংকন বিশ্ববিদ্যালয়ের এক রাজনীতি বিশ্লেষক বলেছেন, বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাগসুবান বুঝতে পেরেছেন যে তার দল সরকারের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। বরং এ বিষয়টি নির্ভর করছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান এবং আদালতের মত নিরপেক্ষ সংগঠনগুলোর হাতে।ফলে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতের সরকারকে উৎখাত করতে থাকসুবান এখন আদালত থেকে হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছে।প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ, অনির্বাচিত ‘গণপরিষদের’ অধীনে নির্বাচন আয়োজন ও বেশ কয়েকটি রাজনৈতিক সংস্কারের দাবিতে নভেম্বর থেকে আন্দোলন শুরু করে সরকার বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন তিনি।
আন্দোলনকারীদের অভিযোগ, ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন।
