সিরিয়ায় চোরের হাত কাটার ছবি টুইটারে
চুরির শাস্তি দিতে হাত কেটে নিয়ে পরে সেই শাস্তির একাধিক ছবি পোস্ট করা হয়েছে টুইটারে।
সিরিয়ার মাসকানাহ শহরে এ কাণ্ড ঘটিয়েছে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া’ (আইএসআইএস)।
পরে টুইটার থেকে ছবিগুলো সরিয়ে দেওয়া হলেও তত ক্ষণে একাধিক চরমপন্থী সংগঠন ছবিগুলি সাইটে প্রকাশ করে দেয়।
গোটা শাস্তি প্রক্রিয়ার মুহূর্তগুলো ধরা পড়েছে ছবিতে। একটিতে দেখা গেছে টেবিলের সামনে চোখ বাঁধা অবস্থায় বসে আছেন অভিযুক্ত ব্যক্তি। তাকে পেছন থেকে ধরে রেখেছে এক জন। আর সামনে চলছে শাস্তি দেওয়ার প্রস্তুতি। এক জনের হাতে তলোয়ারের মতো ধারালো অস্ত্র। অভিযুক্তের হাতের পাতার ওপর তা রাখা ।
আরেকটি ছবিতে দেখা গেছে অজ্ঞান হয়ে গেছেন অভিযুক্ত ব্যক্তি। তাঁর কাটা হাত থেকে রক্ত বেরিয়ে ভিজে গেছে টেবিল।
রয়টার্স জানায়, ওই ব্যক্তি চোর। নিজের অপরাধ নিজেই কবুল করেছেন এবং শাস্তিস্বরূপ হাত কেটে নেয়ার আর্জিও নাকি নিজেই জানিয়েছিলেন বলে দাবি করেছে জঙ্গিরা।
গত এপ্রিলে ইরাকে আল কায়দার সমর্থনপুষ্ট আইএসআইএস’র আবির্ভব। তার পর থেকেই সিরিয়ার উত্তরে বিভিন্ন এলাকায় নানা জবরদস্তি চালাচ্ছে সংগঠনটি। সিরিয়া জুড়ে চরমপন্থী আইন চালু করাই সংগঠনটির লক্ষ্য বলে জানিয়েছেন কেউ কেউ। সেই আইনেই চুরির শাস্তি হাত কেটে নেয়া।
