২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ‘জঙ্গি হামলায়’ নিহত ৮৫

নাইজেরিয়ার মাইদুগুরি শহরে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 10:22 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রয়টার্সের খবরে বলা হয়, শনিবার বিকালে শহরে জোড়াবোমা বিস্ফোরণে ৪৬ জন নিহত হন। একই দিন কয়েকজন বন্দুকধারী একটি গ্রামে নির্বিচারে গুলি চালিয়ে আরো ৩৯ ব্যক্তিকে হত্যা করে।

রেডক্রস সোসাইটির বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

দেশটির ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদর দপ্তর মাইদুগুরি শহরে অবস্থিত। সংগঠনটি প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

শনিবার রাতে শহরের বিমানবন্দরের কাছে একটি ব্যস্ত বাজার লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। তবে কোনো পক্ষ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

শক্তিশালী ওই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে । প্রথম বোমাটি বিস্ফোরণের পর লোকজন যখন হতাহতদের উদ্ধার করছিলেন তখনই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

বিবিসি জানায়, এর আগে গত শুক্রবারে সরকারি বাহিনীর বিমান হামলায় দাগলুন এলাকায় ২০ জন নিহত হয়েছে। বোকোহারাম জঙ্গিদের লক্ষ্য করে গত একসপ্তাহ ধরে বোমা বর্ষণ করছে সরকারি সেনারা।