২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনকে সেনা প্রত্যাহারের আহ্বান ওবামার

ইউক্রেইনের স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 04:18 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ইউক্রেইনে সেনা পাঠিয়ে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার ইউক্রেইন-সংকট নিয়ে টেলিফোনে ৯০ মিনিট কথা বলেন ওবামা ও পুতিন ।

আলাপকালে ওবামা ইউক্রেইন নিয়ে পুতিনের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ক্রিমিয়ায় সেনা পাঠানোর ঘটনাকে ইউক্রেইনের স্বাধীনতা-সার্বভৌমত্ব লঙ্ঘন বলে মন্তব্য করেন। এ সমেই তিনি পুতিনকে ক্রিমিয়া থেকে শিগগিরি সেনা সদস্যদের রুশ ঘাঁটিতে ফিরিয়ে নিতে বলেন।

ওবামার অভিযোগ ও আহ্বানের জবাবে পুতিন বলেন, রাশিয়া ইউক্রেইনে তার স্বার্থ ও রুশ নাগরিকদের রক্ষার অধিকার রাখে।

পুতিনের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়ায় সহিংসতা আরো বেশি ছড়িয়ে পড়লে নিজ স্বার্থ এবং রুশ ভাষাভাষীদের রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার অধিকার রাশিয়ার আছে।

এর আগে শনিবারই রাশিয়ার পার্লামেন্ট প্রেসিডন্ট পুতিনকে ক্রিমিয়ায় সেনা পাঠানোর ক্ষমতা দেয়।

ক্রেমলিনের সেনা পাঠানোর পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন দাবি করে ওবামা সরাসরি আলোচনার মাধ্যমে সঙ্কটের শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দিয়েছেন।