২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৭ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ে সন্দেহভাজন মাওবাদী গেরিলাদের হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 01:32 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

পুলিশের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

দান্তেওয়াদা জেলায় নির্মাণাধীন সড়কে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব পালনে যাচ্ছিল পুলিশ। এ সময় রাস্তায় পেতে রাখা মাইন ও গুলিতে পুলিশ সদস্যরা নিহত হন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুকেশ গুপ্ত বিবিসিকে জানান, হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মাওবাদী বিদ্রোহীদের শক্তঘাঁটি ছত্তিশগড়। তাদের দাবি, তারা দরিদ্রদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে।

মাওবাদীরা ভারতের ৬শ’ জেলার একতৃতীয়াংশে সক্রিয় রয়েছে। বেশ কয়েকটি রাজ্যের অনেক অংশ তারা নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে মধ্য ভারতের উত্তরপূর্বাঞ্চলে তাদের প্রভাব বেশি।

১৯৬০ এর দশকে পশ্চিমবঙ্গে মাওবাদী বিদ্রোহ শুরু হয়। দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ভাষ্য অনুযায়ী মাওবাদী বিদ্রোহীরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় সবচে’ বড় হুমকি।

ভারতের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সময়ে এই বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

প্রতিবছর দেশটিতে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর পাল্টাপাল্টি সংঘর্ষ ও অন্যান্য হামলায় শত শত মানুষ নিহত হন।