২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগ্রাসনের’ বিরুদ্ধে রাশিয়াকে ইউক্রেইনের হুঁশিয়ারি

ক্রিমিয়া অঞ্চলে কোনোরকম ‘সামরিক আগ্রাসন’ চালানোর বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ার করেছেন ইউক্রেইনের অন্তবর্তী প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুর্কিনোভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 09:05 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

ইউক্রেইনে আঞ্চলিক সরকারের সদরদপ্তর অবরুদ্ধ

ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রুশ নৌঘাঁটি ‘রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট’ এর সেনাদেরকে বাইরে বেরিয়ে না আসার ব্যাপারেও সতর্ক করেন তিনি।রুশ-অধুষ্যিত স্বায়ত্বশাসিত ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ও সরকারি সদরদপ্তরগুলো অস্ত্রধারীরা দখলে নেয়ার পর ইউক্রেইন রাশিয়াকে এ হুঁশিয়ারি দিল।কৃষ্ণ সাগরের রুশ নৌ ঘাঁটির উদ্দেশে তুর্কিনোভ বলেন, ঘাঁটিটির সীমানার বাইরে যে কোনো সামরিক তৎপরতা, অস্ত্রের ঝনঝনানিকে সামরিক আগ্রাসন হিসাবেই দেখবে ইউক্রেইন।জরুরি ভিত্তিতে আলাপ-আলোচনার জন্য এরই মধ্যে রাশিয়ার ভারপ্রাপ্ত দূতকে কিয়েভে ডেকেও পাঠিয়েছে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয়।ওদিকে, ক্রিমিয়ার পার্লামেন্ট বলেছে, তারা আরো বেশি আত্মনিয়ন্ত্রণাধিকার প্রশ্নে গণভোট করতে চায়। এ ধরনের ভোট ইউক্রেইনের রাজধানী কিয়েভে ক্ষমতাসীন নতুন শাসকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।ক্রিমিয়ার সিমফারোপোল শহরে দখল করা সরকারি ভবনগুলোতে রাশিয়ার পতাকা ওড়ানোর খবর পাওয়া গেছে আগেই। তবে কারা একাজ করেছে তা পরিষ্কার নয়।বুধবার রাশিয়া-পন্থি বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেইনের নতুন নেতাদের সমর্থকরা শহরটিতে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।তবে সিমফারোপোলের সরকারি ভবনগুলো কারা দখল করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং দখলকারীরা কোনো দাবিও জানায়নি।তবে প্রত্যক্ষদর্শীরা বলেছে, তারা রুশ ভাষায় কথা বলছিল এবং তাদেরকে জাতিগত রুশ বিচ্ছিন্নতাবাদী বলেই মনে হয়েছে।ইউক্রেইনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসিনুক বিবিসি’কে বলেন, “আমরা আমাদের রুশ প্রতিপক্ষকে অনুরোধ জানাচ্ছি তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করতে। আমরা বিশ্বাস করি রাশিয়া ইউক্রেইনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। ইউক্রেইনে অস্থিতিশীলতা আসে এ ধরনের যে কোনো পদক্ষেপ থেকে তারা বিরত থাকবে।”তিনি আরো বলেন, “ইউক্রেইনকে ঐক্যবদ্ধ রাখতে আমরা বদ্ধপরিকর। ইউক্রেইনের যে কোনো বিচ্ছিন্নতাবাদীকে আইনগত ও সাংবিধানিকভাবে শাস্তি দেব আমরা।”রাশিয়ার যুদ্ধ বিমানগুলো এরই মধ্যে দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়ায় অংশ নিয়েছে। দেশটির ভাষায় তাদের সামরিক বিমান এক ধরনের ‘যুদ্ধ সতর্কতায়’ রয়েছে।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানিয়েছে, ইউক্রেইন সীমান্ত এলাকায় যুদ্ধ বিমানগুলো অনবরত মহড়ায় রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মধ্য রাশিয়া ও ইউক্রেইন সীমান্তবর্তী রাশিয়ায় বিমানবাহিনীর যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করতে একটি সংক্ষিপ্ত মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারের মহড়া সেই নির্দেশ পালনেরই অংশ।ওদিকে, ক্রিমিয়া নিয়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন নেটো সেক্রেটারি জেনারেল এন্ডার্স ফগ রাসমুসেন।তিনি বলেন, ক্রিমিয়া পরিস্থিতির ক্রমঅবনতি নিয়ে তিনি উদ্বিগ্ন। উত্তেজনা বাড়িয়ে দেয় এমন কোনো পদক্ষেপ না নেয়ার জন্য তিনি রাশিয়ার প্রতি আহ্বান জানান।রাশিয়ার যে কোনো সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্রও।অন্যদিকে, পালানোর পর বৃহস্পতিবারই রাশিয়ার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ইউক্রেইনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।এতে তিনি বলেন, রাশিয়া কর্তৃপক্ষের কাছে নিজের নিরাপত্তা চাইতে তাকে বাধ্য করা হয়েছে। তিনি এখনও ইউক্রেইনের বিধিসম্মত প্রেসিডেন্টই আছেন।এ বিষয়ে রাশিয়া কর্তৃপক্ষর কাছ থেকে কোনো সরাসরি বক্তব্য না এলেও রাষ্ট্রনিয়ন্ত্রিত ইতার তাস সংবাদ সংস্থা জানিয়েছে, ইয়ানুকোভিচকে রাশিয়ার পক্ষ থেকে নিরাপত্তা দেয়া হবে।