ইউক্রেইনে আঞ্চলিক সরকারের সদরদপ্তর অবরুদ্ধ
ইউক্রেইনে রুশ-অধুষ্যিত ক্রিমিয়ার উপদ্বীপের সিমফারোপোলে সশস্ত্র ব্যক্তিরা আঞ্চলিক সরকারের সদরদপ্তরভবন এবং পার্লামেন্ট দখল করার পর নিরাপত্তা বাহিনী দুটো সরকারি ভবন অবরুদ্ধ করে রেখেছে।
ভবনগুলোতে ওড়ানো হয়েছে রাশিয়ার পতাকা। বুধবার রাশিয়া-পন্থি বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেইনের নতুন নেতাদের সমর্থকরা শহরটিতে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।আঞ্চলিক রাজধানী সিমফারোপোলের সরকারি ভবনগুলো কারা দখল করেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং দখলকারীরা কোনো দাবিও জানায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছে, তারা রুশ ভাষায় কথা বলছিল এবং তাদেরকে জাতিগত রুশ বিচ্ছিন্নতাবদী বলেই মনে হয়েছে।এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, ভবনের ভেতরে প্রায় ৬০ জন ছিল এবং তাদের কাছে অনেক অস্ত্রশস্ত্রও ছিল। তবে বৃহস্পতিবার সকালের দিকে ভবন দখলের সময় কেউ আহত হয়নি।সশস্ত্র লোকেরা ভবনের দখল নেয়ার পর প্রায় ১শ পুলিশ পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়। পার্লামেন্টের চারপাশের রাস্তাগুলোও বেশিরভাগই খালি হয়ে যায়।আঞ্চলিক প্রধানমন্ত্রী ভবনের ভেতরের লোকজনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানান। তবে তারা কোনো দাবি করেনি এবং বভন দখল করে রাখার কারণও বলেনি। বরং তারা প্রধানমন্ত্রীকে পরে ফোন করবে বলে জানায়। কিন্তু এখন পর্যন্ত তা করেনি।ইউক্রেইনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুর্কিনোভ এরই মধ্যে রাশিয়াকে ক্রিমিয়ায় কোনো ‘সামরিক আগ্রাসন’ না চালানোর ব্যাপারে সতর্ক করেছেন।
