২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় বিক্ষোভে নিহত ৫০, দাবি মাদুরোর

ভেনেজুয়েলায় দুই সপ্তাব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ তথ্য জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 02:15 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বিবিসি বলছে, এরআগে সরকারিভাবে নিহতের সংখ্যা ১৩ ঘোষণা করা হয়।

এই হতাহতের জন্য মাদুরো ফ্যাসিস্ট গোষ্ঠীদের দায়ী করেছেন।

প্রেসিডেন্ট প্রাদাসের বাইরে সরকার সমর্থক কৃষকদের একটি সমাবেশে মাদুরো বলেন, “সড়ক অবরোধ ও ব্যারিকেডের কারণে ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।”

তিনি আরো বলেন, “গতকাল (বুধবার) একজন ৮৪ বছর বয়সী নারী পূর্ব কারাকাসে মারা গেছেন। তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। আত্মীয়পরিজন তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সড়ক অবরোধের কারণে তারা তাকে নিয়ে যেতে পারেননি। গাড়িতেই তার মৃত্যু হয়।”

তবে নিহতের সংখ্যা কেন এত বেড়ে গেল সে বিষয়টি তিনি খোলাসা করেননি।

উচ্চ মুদ্রাস্ফীতি, অপরাধ বেড়ে যাওয়া এবং খাদ্য স্বল্পতার কারণে ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভ দানা বাঁধে।

বিক্ষোভ বন্ধে করণীয় সম্পর্কে বিরোধী গোষ্ঠীদের সঙ্গে আলোচনার আগে তিনি এ তথ্য জানান।

সংক্ষুব্ধ সপ্তাহ পার করার পর কয়েকদিন আগে মাদুরো সরকারবিরোধী বিক্ষোভ অবসানের লক্ষ্যে ‘জাতীয় শান্তি সম্মেলন’র ডাক দেন।

কিন্তু প্রধান বিরোধীজোট এই সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা একে প্রহসন আখ্যা দিয়েছে।

জোটের ভাইস-প্রেসিডেন্ট জর্জ অ্যারেজা সাংবাদিকদের বলেন, “আমরা প্রহসনমূলক কোন সংলাপে অংশ নেব না।

কারণ সেটি হবে দেশবাসীর সঙ্গে এক মশকরা।”

রোমান ক্যাথলিক চার্চ এবং প্রধান বণিক সমিতি সম্মেলনে অংশ নেবে বলে নিশ্চিত করেছে।

তবে এরপরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অবশ্য বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ কমছে।

বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস সংলাপের এই আহ্বান প্রত্যাখ্যান করে সেটি শুধুমাত্র মাদুরোর “ছবি তোলার সুযোগ” বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানিয়েছেন, তিনি এই সহিংসতায় স্তম্ভিত। মানবাধিকার সুরক্ষার আহ্বান জানান তিনি।

পোপ ফ্রান্সিস আশাবাদ ব্যক্ত করে বলেছেন, “নিশ্চয় সংঘর্ষ ও বৈরিতার অবসান ঘটবে দ্রুত।”

সোমবার ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল লুইসা ওর্তেগা জানিয়েছিলেন, বিক্ষোভ কেন্দ্রিক সহিংসতায় ১৩ জন মানুষ নিহত হয়েছেন।

একই সময় বিরোধীপক্ষ নিহতের সংখ্যা অন্ততপক্ষে ১৫ বলে দাবি করে।