২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারজাইকে ওবামার হুঁশিয়ারি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতি হুঁশিয়ারি জানিয়েছে বলেছেন, চলতি বছরের শেষ হওয়ার আগেই সব মার্কিন সেনা দেশটি থেকে প্রত্যাহার করে নেয়া হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 12:54 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

কারজাইকে টেলিফোনে ওবামা এই বার্তা দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নিরাপত্তা বিষয়ক চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। এরই জেরে ওবামা প্রশাসন আফগান প্রশাসনের ওপর চাপ সৃষ্টির জন্য এ ধরনের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র চাইছে আফগানিস্তানের জঙ্গি দমনে অভিযান পরিচালনায় প্রশিক্ষণ দেয়ার জন্য কিছু সেনা সেখানে মোতায়েন রাখার অঙ্গীকার করার আগেই যেন আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তিটি সই হয়।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, “প্রেসিডেন্ট ওবামা আফগান প্রেসিডেন্ট কারজাইকে বলেছেন, যে কারণে তিনি দ্বিপাক্ষিক চুক্তিতে সই করতে অসম্মতি জানিয়েছেন তা অপ্রত্যাশিত। যুক্তরাষ্ট্র তার অতিরিক্ত পরিকল্পনার অংশ হিসেবেই কাজ করে যাবে।”

বিবৃতিতে আরো জানানো হয়, প্রেসিডেন্ট ওবামা পেন্টাগনকে নিশ্চিত করতে বলেছেন, মৌখিকভাবে চলতি বছরের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তাই ২০১৪ সালের পর ওই দেশে আর কোন মার্কিন সেনা রাখা উচিৎ হবে না।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানের তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য সংস্থার দপ্তরে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে পশ্চিমা মিত্রদের নিয়ে অভিযান চালায় মার্কিন বাহিনী।

এরপর থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনারা অবস্থান করছে। কিন্তু প্রায়ই তাদের জঙ্গিদের হামলার শিকার হতে হচ্ছে।

মার্কিন সেনাদের জন্য আইনি নিরাপত্তা এবং অবস্থান সুনিশ্চিতকরণ ও ন্যাটোর জঙ্গিবিরোধী প্রশিক্ষণ সংক্রান্ত একটি চুক্তির ব্যাপারে মাসকালব্যাপী আলোচনার পর ২০১৩ সালে যুক্তরাষ্ট্র-আফগানিস্তান।

গত নভেম্বরে এই চুক্তিটি আফগানিস্তানের সম্মানিত জ্যেষ্ঠদের নিযে গঠিত পর্ষদ লয়া জিরগায় উত্থাপন করা হয়।

সেখানে অধিকাংশেরই দ্বিপাক্ষিক এই চুক্তির ব্যাপারে সম্মতি থাকলেও প্রেসিডেন্ট হামিদ কারজই তালেবান গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনার আগে তাতে সই করতে অসম্মতি জানান।

চুক্তিতে সই না করার ব্যাপারে কারজাই দাবি করেন, যদি তিনি এতে সই করতেন তবে যুক্তরাষ্ট্রের বোমায় কোন আফগান নিহত হলে তার দায় বর্তাবে তারই (কারজাই) কাঁধে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিবৃতি পরিষ্কারভাবেই বুঝিয়ে দিয়েছে, কারজাইয়ের এই অবস্থান দেশটির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।