ইরান থেকে অস্ত্রক্রয় চুক্তি ইরাকের
ইরাকে ১৯ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র ও গোলাবারুদ বিক্রির চুক্তি সিই করেছে ইরান। এ পদক্ষেপে তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ভঙ্গ হবে।
নভেম্বরের শেষ দিকে এ চুক্তি হয়। ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ওয়াশিংটন থেকে দেশে ফেরার কয়েকসপ্তাহ পর অস্ত্রচুক্তির দলিলটি হাতে পায় রয়টার্র্স।আল কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়তে বাড়তি অস্ত্রের জন্য মার্কিন ওবামা প্রশাসনের সঙ্গে লবি করে এসেছেন মালিকি।তবে ওয়াশিংটনে অনেকেই ইরানের এত কাছের দেশ ইরাকে সামরিক অস্ত্রশস্ত্র দেয়ার ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন।যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্রের যোগান পেতে বিলম্বের কারণে হতাশ হয়েই মালিকি ইরানের সঙ্গে অস্ত্রচুক্তি করেছেন বলে জানিয়েছেন কয়েকজন ইরাকি আইনপ্রণেতা।ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র আল মুসাউই অস্ত্রচুক্তির বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোকিছুই করেননি। তিনি কেবল বলেন, ইরাকের বর্তমান নাজুক নিরাপত্তা পরিস্থিতিতে এ ধরনের চুক্তি হওয়া যুক্তিসঙ্গত।তিনি বলেন, “আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছি এবং লড়াইয়ে জিততে চাই। কোনোকিছুই আমাদেরকে কারো কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনতে বিরত রাখতে পারবে না। আর কেবলমাত্র গোলাবারুদই আমাদেরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে সহায়তা করছে”।ইরান সরকার ইরাকে অস্ত্র বিক্রির কোনো চুক্তির ব্যাপারে জানা থাকার কথা অস্বীকার করেছে।শিয়া ইরান এবং ইরাকের শিয়া-পরিচালিত সরকারের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক অস্ত্রচুক্তি। এর মধ্য দিয়ে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দু’বছরে দেশ দুটির মধ্যে বন্ধন জোরাল হওয়ারই আভাস স্পষ্ট হয়ে উঠেছে।
