২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া শুরু

দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দুই কোরিয়ার মধ্যে যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের বিরল কাযযক্রমের মধ্যেই এই মহড়া শুরু হলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 12:25 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এই মহড়া চলবে বলে বিবিসি জানিয়েছে।

আকাশ, ভূমি ও সমুদ্র তিন পর্যায়েই এই মহড়া চালাবে দেশ দুটি।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এই মহড়ার নিন্দা জানিয়েছে। এর আগে সামরিক এই মহড়া চালানো হলে পুনর্মিলনী উদ্যোগ বাতিল করা হবে বলে হুমকি দিয়েছিল তারা।

এই মহড়ায় ১২ হাজার ৫শ’ মার্কিন সেনা অংশ নেবে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একে প্রতিরক্ষামূলক বললেও উত্তর কোরিয়া বিষয়টিকে ‘যুদ্ধের মহড়া’ হিসেবে আখ্যা দিয়েছে।

২০১৩ সালে এই একই মহড়া অঞ্চলটিতে পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছিল। তার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের স্বার্থে এবং দক্ষিণ কোরিয়ায় পরমাণু হামলা চালানোর হুমকি দেয়।

সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক বলেন, “এখনো পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে অস্বাভাবিক কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। আমরা তখনই উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযান চালাবো যদি তারা উস্কানিমূলক কোন কিছু করে।”

সোমবার ৩৬০ জন দক্ষিণ কোরিয়ান তাদের উত্তর কোরিয়ান আত্মীয়ের সঙ্গে প্রথমবারের মতো মিলিত হয়েছেন।

দ্বিতীয় দফায় এই ৩৬০ জন তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলেন।

প্রথম দফায় বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কুমগং অবকাশ কেন্দ্রে শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে মুখ দেখাদেখি হয়। তারা এক সঙ্গে বসে দুপুরের খাবারও খান।

সম্প্রতি উত্তর কোরিয়ার সমঝোতার উদ্যোগের ফলেই এ পুনর্মিলনী সম্ভব হল। যদিও শত্রুভাবাপন্ন দুই দেশের মধ্যে বার বার উত্তেজনা সৃষ্টির কারণে এর সফলতা নিয়ে বিশ্লেষকদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল।

এর আগে গত সেপ্টেম্বরে এ ধরনের একটি উদ্যোগ নেয়া হলেও ‘দক্ষিণ কোরিয়া বৈরী আচরণ করছে’ অভিযোগ তুলে পিয়ংইয়ং ওই উদ্যোগ থেকে সরে আসে

তবে এবারের পুনর্মিলনী ২০ ফেব্রুয়ারি হয়েছে যা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

১৯৫০ সালে তিন বছরব্যাপী যুদ্ধের পর দুই কোরিয়া বিভক্ত হওয়ায় হাজার হাজার পরিবারের সদস্য দুই দেশে আলাদা হয়ে যায়। দু’দেশে অবস্থানের কারণে আত্মীয় হলেও তাদের সাক্ষাৎ হয়ে যায় বিরল।

রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে সীমান্তের দু’পাশে বাস করা স্বজনদের মধ্যে যোগাযোগের সুযোগ খুবই কম। নাগরিকদের মধ্যে ফোন, চিঠিপত্র বিনিময়, ইমেইল করাসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সরকার।

প্রথম দিনে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ৮২ জন প্রবীণ তাদের ৫৮ জন পারিবারিক সদস্যসহ বাসযোগে উত্তর কোরিয়ায় যায়। আর উত্তর কোরিয়া থেকে ১৮০ জন নাগরিক ওই পুনর্মিলনীতে হাজির হন।