ওবামা-দালাই লামা বৈঠকে চটেছে চীন
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
শুক্রবার হোয়াউট হাউজে ওই বৈঠকের পরপর চীনে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্ককে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের সহ-পররাষ্ট্রমন্ত্রী ঝাং ইয়েসুই বলেন, “চীন ক্ষোভ প্রকাশ করে ওই বৈঠকের কড়া প্রতিবাদ জানিয়েছে।”
তিনি বলেন, তিব্বত ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর কোনো অধিকার নেই। এ ধরনের প্রবণতা চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি করবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে তিব্বতে মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের ‘দৃঢ় সমর্থনের’ কথা জানিয়েছেন ওবামা।
এ বিষয়ে বেইজিংয়ের সঙ্গে দালাই লামার অনুসারীদের অচিরেই বৈঠক হবে বলে আশা প্রকাশ করেন দুই নোবেল বিজয়ী।
ওই বৈঠকের আগে তা বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন। এই ধরনের বৈঠক চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ‘মারাত্মক’ ক্ষতি করবে বলেও হুঁশিয়ার দেয় বেইজিং।
চীনা শাসকের বক্তব্য অনুযায়ী, দালাই লামা একজন বিচ্ছিন্নতাবাদী নেতা।
তবে দালাই লামার দাবি তিনি তিব্বতের স্বাধীনতা নয়; স্বায়ত্ত্বশাসন চান।
এর আগে ২০১১ সালে দালাই লামার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওই বৈঠক নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল চীন।
তিব্বত চীনের একটি শায়িত্বশাসিত অঞ্চল।
তিব্বতের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের উপর চীন দীর্ঘদিন ধরে দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবে চীন তা অস্বীকার করে বলছে, ওই অঞ্চলে তারা অর্থনৈতিক উন্নয়ন এনেছেন, যাতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে তিব্বতে বেইজিংয়ের শাসনের প্রতিবাদ জানিয়ে ১১০ জনেরও বেশি বৌদ্ধ ধর্মীয় নেতা শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন।
১৯৫৯ সালে তিব্বতে আন্দোলনকারীদের ওপর চীন সরকার দমনাভিযান শুরু করলে ভারতে পালিয়ে আসেন দালাই লামা।
