গান্ধির নাতি আম আদমি পার্টিতে
ভারতের রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী দল আম আদমি পার্টিতে (এএপি) যোগ দিয়েছেন মহাত্মা গান্ধির (মোহনদাস করমচাঁদ গান্ধি) নাতি রাজমোহন গান্ধি।
প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ রাজমোহন শুক্রবার এএপিতে যোগ দেন বলে জানিয়েছে এনডিটিভি।নিজ পিতামহ মহাত্মা গান্ধি যে দলটিকে সর্বভারতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই কংগ্রেসের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করে দলটিকে “বিশেষ ব্যক্তিদের” দল বলে অভিহিত করেছেন রাজমোহন।ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির গুজরাট আসনে তিনি মোদির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এএপি’র একটি সূত্র জানিয়েছে, দিল্লির একটি আসনের বিষয়েও তার কথা বিবেচনা হচ্ছে।তিনি মোদির বিরুদ্ধে নির্বাচনে নামছেন কি না- এ প্রশ্নের উত্তরে রাজমোহন বলেছেন, “এটি দূরবর্তী লক্ষ্য।”দুর্নীতির বিরুদ্ধে আম আদমির অবস্থানকে গান্ধির ‘লবণ সত্যগ্রহ’ আন্দোলনের সঙ্গে তুলনা করেন তার নাতি। গান্ধির ওই আন্দোলন পরবর্তীতে ব্যাপক অসহযোগ আন্দোলনের রূপ নিয়েছিল।নির্বাচনী রাজনীতিতে কেন যোগ দিলেন- এ প্রশ্নের উত্তরে রাজমোহন বলেন, “কোনো দলই পুরোপুরি শুদ্ধ নয়। কিন্তু আজকাল কংগ্রেস ‘খাস আদমিদের’ দলে পরিণত হয়েছে, আর বিজেপি ‘আমির আদমিদের’ দল।”
“শুধু এএপি’ই সত্যিকার সাধারণ মানুষের দল,” নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান তিনি।দলটি তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছে এবং দলটির এককেন্দ্রিক দুর্নীতি বিরোধী অবস্থান আছে বলে মন্তব্য করেছেন তিনি।
“প্রথম এটি জনগণের একটি দল। দ্বিতীয়ত দুর্নীতির বিরুদ্ধে দলটির অবস্থান শঙ্কাহীন। এগুলোই সবচেয়ে আকর্ষণীয় কারণ। অনেক মানুষই দলটির মধ্যে একটি আশা দেখতে পাচ্ছে। আমিও এই আশা অনুভব করেছি।”
