‘মায়ের ভাষায় বিশ্ব জানুক বিজ্ঞান’
যার যার নিজের ভাষায় জ্ঞান-বিজ্ঞান চর্চার পথ তৈরির শপথ নিয়ে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মায়ের ভাষার স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছিলো বাঙালি। ভাষার জন্য বাঙালির সেই আত্মত্যাগের স্বীকৃতিতে ১৯৯৯ সালে এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো।
এরপর প্রতিবছর ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে পালন করা হয় দিনটি।
এবার চতুর্দশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘বিশ্বনাগরিকের জন্য স্থানীয় ভাষা: বিজ্ঞান শিক্ষায় আলোক প্রক্ষেপণ’।
মাতৃভাষা দিবসে এক বিবৃতিতে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেন, কেবল স্থানীয় ভাষার স্বীকৃতির মধ্য দিয়েই উঠে আসতে পারে সব মানুষের বক্তব্য, আমাদের সামষ্টিক ভাগ্য নির্ধারণে তাদেরও অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। ঠিক এ কারণেই মানুষের মুখে মুখে উচ্চারিত সাত হাজার ভাষার ঐকতান অটুট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনেস্কো।”
ইরিনা বলেন, মানুষের নিজের ভাষা কীভাবে তার জ্ঞান অর্জনের সুযোগ নিশ্চিত করতে পারে, কীভবে তা ছড়িয়ে দিতে পারে সবার মাঝে- সে বিষয়টিই তুলে ধরা হয়েছে এবারের মাতৃভাষা দিবসের প্রতিপাদ্যে।
“স্থানীয় প্রতিটি ভাষাই গণিত, পদার্থবিদ্যা ও প্রযুক্তিসহ আধুনিক বিজ্ঞানের অধিকাংশ শাখায় মানুষের অর্জিত জ্ঞান ছড়িয়ে দিতে পারঙ্গম। এসব স্থানীয় ভাষার স্বীকৃতির মধ্য দিয়ে স্থানীয় বৈজ্ঞানিক জ্ঞানের দুয়ারও বিশ্বমানবের কাছে উন্মুক্ত হতে পারে, আমাদের সামষ্টিক জ্ঞানের ভাণ্ডারকে করতে পারে আরো ঋদ্ধ।”
বিলুপ্তির হুমকিতে থাকা ভাষার তালিকা নিয়ে ‘অ্যাটলাস অব দি ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজেস ইন ডেঞ্জার’ এর সাম্প্রতিক যে সংস্করণ ইউনেস্কো প্রকাশ করছে, তাতে দেখা যাচ্ছে, বর্তমান বিশ্বের ৬ হাজারের মতো ভাষার অর্ধেকই হারিয়ে যাবে চলতি শতক শেষ হওয়ার আগেই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, “এই পৃথিবীকে আরো বাসযোগ্য করার, সবার জীবন ও সম্মানকে সমান উচ্চতায় তুলে ধরার যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, তাতে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিক শিক্ষা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। আসুন আমরা সবাই সেই অভিযাত্রায় শামিল হই।”
