২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যাকারীদের মুক্তিতে কেন্দ্রকে ৩ দিনের আল্টিমেটাম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে জড়িত সাতজনের মুক্তি দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অনুমোদন চেয়েছে তামিলনা্ডু সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 12:24 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

রাজীব গান্ধীর খুনিরা ছাড়া পাচ্ছে

দেশটির কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার মামলাটি পুনরায় পর্যালোচনার জন্য প্রধান বিচারপতি পি সদাশিভমের কাছে উপস্থাপন করবে বলে নির্ভরযোগ্যসূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা দণ্ডিতদের মুক্তি দেয়ার ব্যাপারে তার সিদ্ধান্তের অনুমোদন দিতে বুধবার কেন্দ্রীয় সরকারকে তিনদিনের সময় বেধে দিয়েছেন। এরমধ্যে অনুমোদন না পেলে তিনি তার ক্ষমতা ব্যবহার করে অভিযুক্তদের মুক্তি দেবেন বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের শীর্ষপর্যায়ের একসূত্র জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর খুনিদের মুক্তি দেয়ার প্রশ্নই আসে না। আর এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অবশ্যই বলার আছে।”

কংগ্রেসের সহ-সভাপতি রাজীব গান্ধীর ছেলে রাহুল বুধবার মন্তব্য করেছেন, তিনি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু তার বাবার হত্যাকারীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত শুনে তিনি স্তম্ভিত হয়ে গেছেন। তিনি প্রশ্ন তোলেন, “যদি একজন প্রধানমন্ত্রীর হত্যাকারীরা মুক্তি পেয়ে যায় তবে আইনের কাছে সাধারণ মানুষ কি আশা করবে?”

রাহুলের এই মন্তব্যের পর কংগ্রেসের পক্ষ থেকে জয়ললিতা সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করে বিবৃতি দেয়া হয়। তাতে রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেয়ার সিদ্ধান্তকে “বিপথগামী, দায়িত্বহীন” বলে আখ্যা দেয়া হয়।

এদিকে, এই মুক্তির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার কি এই ভাবে দণ্ডিতদের মুক্তির সিদ্ধান্ত নিতে পারে? জয়ললিতার বক্তব্য হচ্ছে- ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪৩৫ ধারা অনুযায়ী অপরাধীদের মুক্তি দিতে কেন্দ্রের অনুমতি প্রয়োজন। কিন্তু তারও নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তিন দিনের মধ্যে কেন্দ্র থেকে জবাব না এলে ওই কার্যবিধির ৪৩২ ধারায় রাজ্য সরকারই তাদের মুক্তি দিতে পারে।

অবশ্য জয়ললিতার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বক্তব্য- “সিআরপিসি-র ৪৩৫ ধারায় স্পষ্টই বলা হয়েছে, কোনও কেন্দ্রীয় সংস্থা দ্বারা কোনও অপরাধের তদন্ত এবং কেন্দ্রীয় আইনে তার বিচার হলে একমাত্র কেন্দ্রীয় সরকারই দোষীদের শাস্তি কমাতে বা মুক্তি দিতে পারে।”

“রাজীব গান্ধীর হত্যাকারীদের তদন্ত করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। বিচারও হয়েছে কেন্দ্রীয় আইন টাডায়। ফলে অপরাধীদের মুক্তি দেওয়ার কোনও অধিকার রাজ্য সরকারের নেই। এটি সম্পূর্ণই কেন্দ্রীয় সরকারের এখতিয়ার। আর এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য গোটা বিষয়টি তারা কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন” বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এরআগে বুধবার রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দণ্ডিত ৭জনকে তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার।

মুখ্যমন্ত্রী জয়ললিতার মন্ত্রিসভা বুধবার সকালে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

মঙ্গলবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ রহিত করে তাদের আজীবন কারাভোগের নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত।

তার ঠিক একদিন পরই দণ্ডিতদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

মৃত্যুদণ্ডে দণ্ডিতদের ক্ষমা ভিক্ষা আবেদনের নিষ্পত্তির জন্য ১১ বছর দেরি হওয়ার সময়টি আসামীদের জন্য কষ্টদায়ক ছিল না বলে সরকার পক্ষের দাবিও খারিজ করে দেয় আদালত।

আদালত নির্দেশনা দেয়, যদি তামিলনাডু সরকার তাদের ক্ষমা করে তবে অভিযুক্ত সাঁথন, মুরুগন ও পেরারিভালন মুক্তিও পেতে পারেন।

চলতি বছরের মে মাসে ভারতের জাতীয় নির্বাচনের আগে এ রায় দেশটির রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ওই তিন ব্যক্তির ফাঁসির দণ্ড রহিত করার রায় দেয়ার সময় ভারতের প্রধান বিচারপতি পি সদাশিভমের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, “প্রেসিডেন্টের ক্ষমতায় হস্তক্ষেপ করা এই আদালতের জন্য সুখকর কোনো বিষয় নয়। ক্ষমা ভিক্ষার আবেদন যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা উচিত, প্রেসিডেন্টকে এই পরামর্শ দেয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।”

অভিযুক্তরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, দেশটির সরকারের এ অভিমত গ্রহণ করেনি আদালত।

ভারতের অ্যাটর্নি জেনারেল গুলাম ভাহানভাতি বলেছেন, “অভিযুক্তদের ক্ষমা ভিক্ষার আবেদনে তারা অপরাধবোধ করছে, এমন একটি শব্দও ছিল না। ক্ষমা ভিক্ষার আবেদন নিষ্পত্তির বিলম্বে তারা মানসিক যন্ত্রণা, অত্যাচার ও অমানবিক কোনো পরিস্থিতিতে পড়েনি।”

সরকারি আইনজীবীরা ক্ষমা ভিক্ষার আবেদন নিষ্পত্তি বিলম্বে অভিযুক্তরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রমাণ করার আর্জি জানালেও আদালত তা বাতিল করে দেয়।

আদালতের এই রায়ের পর অভিযুক্তদের আইনজীবী যুগ চৌধুরী এনডিটিভিকে বলেন, “এটি খুব বিবেচনাপ্রসূত এবং মানবিক বিচার, এটি আমাদের দেশ থেকে মৃত্যুদণ্ড তুলে দেয়ার পথ প্রশস্ত করবে।”

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কংগ্রেস নেতা রাজীব গান্ধী। ওই ঘটনায় শ্রীলঙ্কার তামিল টাইগারদের সাত সদস্য শান্তন, পেরারিবালন, মুরুগন, নলিনী, রবার্ট পায়াস, জয়কুমার এবং রবিচন্দ্রনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়া হয়।

ওই ঘটনায় ১৯৯৮ সালে তিন আসামি শান্তন, পেরারিবালন ও মুরুগনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও ফাঁসির আদেশ বহাল থাকে। আর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন নলিনী, রবার্ট পায়াস, জয়কুমার এবং রবিচন্দ্রন।

মঙ্গলবার ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে ফাঁসি এড়ান তিন আসামি শান্তন, পেরারিবালন ও মুরুগন।