ইউক্রেনে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে ইইউ
ইউক্রেনে কয়েকমাসের মধ্যে সবচেয়ে মারাত্মক সহিংসতায় ২৬ জন নিহতের ঘটনার পর দেশটিতে নিষেধাজ্ঞা আরোপেরে উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করে বিক্ষোভ দমনাভিযানের জন্য ইউক্রেন কর্তৃপক্ষের নিন্দা করেছেন ইইউ নেতারা। দমনাভিযানের জন্য দায়ীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা।মঙ্গলবার রাজধানী কিয়েভে পুলিশ বিক্ষোভস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে সহিংসতা শুরু হয় এবং সারারাত ধরে চলে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ অভিযোগ করে বলেছেন, ইউরোপপন্থি বিরোধী নেতারা জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। রাশিয়াও বিরোধী নেতাদের তৎপরতাকে অভ্যুত্থান প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছে।কিন্তু ইইউ বলেছে, ইউক্রেনে দমনপীড়নের নেপথ্যে যারা আছে তাদের ওপরই নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়া হবে।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো ইউক্রেন সঙ্কট সামাল দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের দায়দায়িত্বের বিষয়টি নিয়ে কথা বলেছেন।অন্যদিকে, ইইউ এর কয়েকটি দেশ বলেছে, সঙ্কটের জন্য যে ইউক্রেন কর্তৃপক্ষ দায়ী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পুই বলেছেন, ২৮ জাতি ইইউ বৃহস্পতিবারের জরুরি বৈঠকে ইউক্রেনে রক্তক্ষয়ের জন্য দায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।এক বিবৃতিতে তিনি বলেন, “আগামীকাল ফরেইন অ্যাফেয়ার্স কাউন্সিলের বৈঠকে আমাদের মন্ত্রীরা ইউক্রেনে সহিংসতা এবং মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য দায়ীদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভিসার ওপর কড়াকড়ির মতো নানা পদক্ষেপ যাচাই-বাছাই করে দেখবে”।পোল্যান্ড এরই মধ্যে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এ আহ্বানে সাড়া দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদও।
ইউক্রেনে রক্তক্ষয়ী সংঘাতে নিহত ২৫
